রিয়াল মাদ্রিদের অফিসিয়াল দোকানে ডাকাতি
ট্রিবিউন ডেস্কখেলা
রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর ভেতরে তাদের অফিসিয়াল দোকানে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ডাকাতি করেছে দুস্কৃতকারীরা। গাড়ি নিয়ে দোকানে ঢুকে লুটপাট চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাত দল একটি গাড়ি নিয়ে দোকানের সামনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। হাতের কাছে তারা যা কিছু পেয়েছে, প্রায় সবই নিয়ে গেছে। ক্লাবের অফিসিয়াল টি–শার্ট, টুপি থেকে অন্যান্য পণ্য নিয়ে পালিয়ে যায় তারা। ভোর ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিট পর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। নম্বর প্লেট দেখে এই ডাকাতির ঘটনায় ব্যবহার করা গাড়িগুলো শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে মাদ্রিদের পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
পুলিশ বলছে, মোট তিনটি গাড়ি ব্যবহার করা হয়েছে এ কাজে। যে গাড়ি দিয়ে কাঁচ ভেঙে দোকানের ভেতরে ঢোকা হয়েছে, চোরের দল সেটি নিয়ে যায়নি। অন্য দুটি গাড়িতে তারা পালিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা না যায়নি।
উল্লেখ্য, মাদ্রিদের পাসেও দে লা কাস্তেলেনায় অবস্থিত রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। ২০১৯ সাল থেকে এই স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে। এতে দুই মৌসুম ধরে ঘরের মাঠের ম্যাচগুলো রিয়ালকে খেলতে হচ্ছে তাদের অনুশীলন মাঠ দ্য স্তেফানো স্টেডিয়ামে। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট অনুযায়ী, দুই তলার এই দোকান ৭০০ বর্গমিটার জায়গা নিয়ে করা হয়েছে। রিয়ালের সবধরনের অফিশিয়াল পণ্য এখানে পাওয়া যায়।