টালিউডে নতুন চলচ্চিত্রের শুটিং শুরু মিথিলার
ট্রিবিউন ডেস্কবিনোদন
সম্প্রতি নির্মাতা রাজর্ষি দে'র “মায়া” চলচ্চিত্রের মধ্য দিয়ে টালিউডে অভিষেক ঘটেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলার। চিত্রায়ন শেষ হয়ে মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্রটি। তবে প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই “আ রিভার ইন হ্যাভেন” নামে নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।
শুক্রবার (২৭ আগস্ট) নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে করা এক টুইটে এ তথ্য জানান তিনি।
রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত “আ রিভার ইন হ্যাভেন” চলচ্চিত্রটির শুটিং ভারতের প্রাচীন ও ঐতিহাসিক শহর বেনারসে হওয়ার কথা। এ বিষয়ে মিথিলা জানান, চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন ববি চক্রবর্তী। আরও আছেন শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ।
আরও পড়ুন- নেটফ্লিক্সের ছবিতে বাংলাদেশকে নিয়ে ‘অসম্মানজনক’ সংলাপ
অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনকে মিথিলা বলেন, “চলচ্চিত্রের গল্পটি সাজানো হয়েছে বিবাহিত এক নারীকে কেন্দ্র করে। যার সন্তান হয় না। স্বামীর সন্তান জন্মদানের ক্ষমতা না থাকলেও দায় নিতে হচ্ছে স্ত্রীকে। ফলে সৃষ্টি হয়েছে পারিবারিক, সামাজিক ও মানসিক টানাপড়েন।”
চরিত্রটি নিয়ে মিথিলা আরও বলেন, “এমন চরিত্রগুলোতেই আমি সম্প্রতি কাজ করার চেষ্টা করছি। চলচ্চিত্রের প্রতিটি চরিত্র অনেক স্ট্রং।”
সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলেও জানান তিনি।