মডার্নার আরও ভ্যাকসিন দূষণের কথা নিশ্চিত করল জাপান
ট্রিবিউন ডেস্কআন্তর্জাতিক
জাপানের ওকিনাওয়া অঞ্চলে আবারও করোনাভাইরাসের ভ্যাকসিন মডার্নার ডোজে দূষণ পাওয়ায় রবিবার (২৮ আগস্ট) ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করেছে স্থানীয় সরকার।
এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাপানে মডার্নার ডোজে দূষণ পাওয়ার পর ভ্যাকসিনের ৩টি স্লটের ১০ লাখ ৬৩ হাজার ডোজ টিকা বাতিল ঘোষণা করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে এ স্থগিতাদেশের পরেই শনিবার (২৮ আগস্ট) দুই যুবক মডার্নার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের পর মারা যায়।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দূষিত মডার্না ভ্যাকসিনের ডোজ গ্রহণের পর দুই ব্যক্তির মৃত্যুর তদন্ত চলছে। যদিও তাদের মৃত্যুর কারণ এখনও অজানা।
দক্ষিণ জাপানের ওকিনাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, রবিবারের টিকা কার্যক্রম আংশিকভাবে স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “আমরা মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহার সাময়িকভাবে স্থগিত করছি কারণ তাতে কিছু অপ্রয়োজনীয় পদার্থ পাওয়া গেছে।”
শনিবার মডার্না এবং জাপানি ওষুধ পরিবেশক তাকিদা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, “এই মুহুর্তে, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে এই মৃত্যুগুলো মডার্নার ভ্যাকসিন গ্রহণের কারণে হয়েছে। ভ্যাকসিনের সঙ্গে মৃত্যুগুলোর কোনো সম্পর্ক আছে কি-না তা নির্ধারণের জন্য একটি আনুষ্ঠানিক তদন্ত করা উচিত। ”
তবে, ইউরোপের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকর্তৃক নির্মিত মডার্না ভ্যাকসিনের ডোজে পাওয়া ওই কণার প্রকৃতি এখনও জানা যায়নি বলে জানিয়েছে তারা।
ডোজগুলো বিশ্লেষণের জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং প্রাথমিক ফলাফল আগামী সপ্তাহের প্রথম দিকে পাওয়া যাবে বলে মডার্না ও তাকিদা বিবৃতিতে জানায়।
অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান “স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল ফার্ম আরওভিআই বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, তারা ভ্যাকসিনের ডোজে দূষণের কারণ অনুসন্ধান করছে, যা শুধুমাত্র জাপানে বিতরণ করা হয়েছিল।”
জাপানে করোনাভাইরাসে ১৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং জনসংখ্যার ৪৪ শতাংশের বেশি মানুষকে ইতোমধ্যে ভ্যাকসিনের দু’টি ডোজই দেওয়া হয়েছে।