পাহাড়ি সিংহের সঙ্গে লড়াই করে সন্তানকে বাঁচিয়ে আনলেন মা
ট্রিবিউন ডেস্কআন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের সন্তানকে বাঁচাতে হিংস্র পাহাড়ি সিংহের সঙ্গে খালি লড়াই করেছেন এক মা। মায়ের ভালোবাসার শক্তির কাছে পরাজিত হয়ে শেষ পর্যন্ত হার মেনেছে পশুটি।
রবিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পাহাড়ের পাশে ক্যালাব্যাসাসে বাড়ি পরিবারটির। শিশুটি ঘরের পাশেই খেলছিল। তখন হঠাৎ তাকে সিংহ আক্রমণ করে।
সিংহটি শিশুটিকে বাইরে টেনে নিয়ে যাচ্ছিল। দেখতে পেয়ে খালি হাতেই সিংহটিকে থামাতে যান তার মা। শেষ পর্যন্ত তীব্র প্রতিরোধের মুখে হার মানতে বাধ্য হয় হিংস্র বুনো পশুটি।
আরও পড়ুন- মেয়ের জন্য মা থেকে 'বাবা' হয়ে ওঠার গল্প
পরে অবশ্য পশুটিকে স্থানীয় বনবিভাগ গুলি করে হত্যা করে।
সিংহটির আক্রমণে শিশুটির মাথা এবং কাঁধে আঘাত লাগে। তবে বর্তমানে সে লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে চিকিৎসাধীন এবং সঙ্কটমুক্ত। ক্যালিফোর্নিয়ার মৎস্য এবং বন্যপ্রাণী দপ্তরের মুখপাত্র ক্যাপ্টেন প্যাট্রিক ফয় বলেন, ওই মা-ই তার সন্তানের জীবনরক্ষাকারী।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বনবিভাগের এক কর্মকর্তা সিংহটিকে “কান পেছনে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে” দেখতে পান। “আচরণ এবং সম্ভাব্য হামলার আশঙ্কা দেখে” ওই কর্মকর্তা সিংহটিকে গুলি করে মারেন। ডিএনএ টেস্ট করেও শিশুটির ওপর সিংহটির হামলার প্রমাণ মিলেছে।
তবে উত্তর আমেরিকায় মানুষের ওপর পাহাড়ি সিংহের আক্রমণ খুব একটা দেখা যায় না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আক্রমণকারী সিংহটি অপেক্ষাকৃত কম বয়সী। বিশেষজ্ঞদের ধারণা, পশুটি শিকার এবং আত্মরক্ষার কৌশল পুরোপুরি রপ্ত করতে পারেনি।