নিজের সন্তানদের নিয়ে গর্বিত বাবা শক্তি কাপুর
ট্রিবিউন ডেস্কবিনোদন
বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আশিকী ২, এক ভিলেইন, এবিসিডি ২, বাঘি সিরিজ, ছিছোড়ে চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। বলিউড অভিনেত্রী ছাড়াও শ্রদ্ধার আরেকটি পরিচয় তিনি খ্যাতিমান অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। আর দশজন বাবার মত শক্তি কাপুরও নিজের সন্তানের সাফল্য নিয়ে গর্বিত।
শক্তি কাপুর নিজের মেয়ের ব্যাপারে প্রশংসা করে বলেন, “সে একই সঙ্গে কঠোর পরিশ্রমী এবং প্রতিভাবান। আমি তাকে আমার ‘সোনার মেয়ে’ বলে ডাকি। সে বলিউডে যে অবস্থান তৈরি করেছে, তার পুরোটাই নিজের চেষ্টায়।”
ভারতীয় বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
সম্প্রতি "চেহেরে" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছশক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, এমরান হাশমির মত তারকারাও। নিজের ছেলের ব্যাপারে শক্তি কাপুরের বক্তব্য, “সমালোচকরা সমালোচকরা সিদ্ধার্থের অভিনয়ের প্রশংসা করেছেন। ফলে আমার দুই সন্তানই ভালো কাজ করছে। তাদের ক্যারিয়ার সুন্দর আগাচ্ছে। আমি তাদের নিয়ে গর্বিত।”
নিজের সন্তানদের নিয়ে গর্বের কথা জানানোর পাশাপাশি মিডিয়ায় চলমান কিছু গুজব নিয়েও কথা বলেন তিনি। অনেকদিন ধরেই বলিপাড়ায় কানাঘুষা চলছে শ্রদ্ধাকে অভিনয়ের জগতে আসতে দিতে চাননি শক্তি কাপুর। কিন্তু সেই ভুল ভেঙ্গে দিলেন তিনি নিজেই।
নিজের ব্যাপারে মিডিয়ায় চলা মিথ্যা গুজবের ব্যাপারে তিনি বলেন, “আমি কখনোই আমার সন্তানদের স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াইনি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি শ্রদ্ধাকে অভিনেত্রী হতে বাধা দিয়েছিলাম। কিন্তু এটি সত্য নয়। আমি চাই সে আরও উন্নতি করুক।”
বলিউডের এই শক্তিমান অভিনেতা কথা বলেন নিজের মেয়ের বিয়ের ব্যাপারে চলমান গুঞ্জন নিয়েও। বহুদিন ধরেই আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় ফিসফাস চলছে। দুজনের কেউই এ ব্যাপারে মুখ না খুললেও সংবাদমাধ্যমে গুঞ্জন, এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুজন।
কিন্তু এই গুঞ্জনে পানি ঢেলে শক্তি কাপুর বলেন, “রোহান আমাদের পারিবারিক বন্ধু। তার বাবাকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। মাঝেমধ্যে সে আমাদের বাড়িতে আসে। কিন্তু সে কখনো শ্রদ্ধাকে বিয়ের ব্যাপারে আমাদের কিছু বলেনি।”
তাই বলে তিনি সন্তানদের পছন্দকে গুরুত্ব দেবেন না তাও নয় কিন্তু। তিনি বলেন, “আজকালকের ছেলেমেয়েরা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করে। শ্রদ্ধা বা সিদ্ধান্ত যদি নিজেদের জীবনসঙ্গী নিজেরাই বেছে নেয়, তাহলে আমি তা হাসিমুখে রাজি হবো। কিন্তু এই মুহূর্তে তারা তাদের ক্যারিয়ারের প্রতি মনযোগী।”
নিজের সন্তানেরা আশি এবং নব্বই দশকের মত আকর্ষণীয় চিত্রনাট্য পাচ্ছে কি না সেই প্রসঙ্গে তিনি জানান, “আমাদের সময়টা অন্যরকম ছিলো। সময়ের সঙ্গে সঙ্গে কন্টেন্টের পরিবর্তন হয়েছে। কাজেই দুটি সময়ের মধ্যে কোনো তুলনা হয় না। আমি খুশি যে আমার দুই সন্তানই বিভিন্ন বিষয়ভিত্তিক চলচ্চিত্র বেছে নিচ্ছে।”