https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/02/edited-shilpa-1582352531395.jpg

সন্তানদের নিয়ে রাজের কাছ থেকে আলাদা থাকবেন শিল্পা!

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা এক মাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার অভিযোগে এ বছরের ১৯ জুলাই গ্রেপ্তার হন তিনি।

এ ঘটনায় অভিনেত্রী শিল্পা শেঠিও বেশ কিছুদিন থেকে প্রকাশ্যে আসা ও গোপনীয়তার স্বার্থে চলমান বিতর্কের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছিলেন। তবে সম্প্রতি তিনি ড্যান্স রিয়েলিটি শো “সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪” এর বিচারকের প্যানেলে ফিরে এসেছেন। অবশেষে এ বিষয়ে শিল্পা শেঠির নতুন সিদ্ধান্ত জানা গেছে। 

বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে বলছে, “শিল্পা শেঠি তার সন্তাদের সাথে আলাদাভাবে থাকার পরিকল্পনা করছেন।”

শিল্পার একজন ঘনিষ্ঠ বন্ধু হাঙ্গামাকে বলেছেন,  “খুব শিগগিরই রাজ কুন্দ্রার ঝামেলা মিটছে না। বরং প্রতি সপ্তাহেই সমস্যা বাড়ছে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর থেকে শিল্পার মতো আমরাও হতবাক। হীরা আর ডুপ্লেক্স বাড়ি যে অবৈধ উৎস থেকে পাওয়া, তার কোনো ধারণাই শিল্পার ছিল না।”

শিল্পার ওই বন্ধুর ভাষ্য, “শিল্পা রাজের সম্পদ থেকে একটি পয়সাও স্পর্শ করতে চান না। তিনি চান তার সন্তানেরা যেন তাদের বাবার অবৈধ সম্পত্তি থেকেও দূরে থাকে।”

প্রসঙ্গত, পর্ন কেলেঙ্কারিতে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর সেই ঝামেলায় জড়িয়ে যান শিল্পাও। এমনকি ড্যান্স রিয়েলিটি শো “সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪”-এর শুটিংও পিছিয়ে দেন তিনি। ঘটনার প্রায় এক মাস পর গত ১৭ আগস্ট আবারও শুটিংয়ে ফেরেন তিনি। সেটে ফেরায় রিয়েলিটি শোয়ের টিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

উল্লেখ্য, রাজের সঙ্গে শিল্পার পরিচয় ২০০৭ সালে। তখন রাজ ছিলেন বিবাহিত। জানা যায়, শিল্পার সঙ্গে সম্পর্কের কারণেই রাজের ওই সম্পর্ক ভেঙে গিয়েছিল। এরপর তারা বিয়ে করেন। মুম্বাই থেকে কিছুটা দূরে খান্ডালায় শিল্পার এক বন্ধুর ফার্ম হাউজে অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ে। ওই দিন শিল্পাকে ৩ কোটি রুপি দামের একটি আংটি দিয়েছিলেন রাজ।