নুসরাতকে ঋতুপর্ণা: মায়ের পরিচয়ই সন্তানের সব থেকে বড় সম্পদ
ট্রিবিউন ডেস্কবিনোদন
ব্যক্তি জীবনের নানা সিদ্ধান্তের জন্য অনবরত ট্রলের শিকার হতে হয়েছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে। ২৬ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে তালিকায় যুক্ত হয়েছে নতুন বিষয়। নেট দুনিয়ার আলোচনার নতুন বিষয়, “সন্তানের বাবা কে?”
যদিও নুসরাত আপতত নিজের পরিচয়েই রাখতে চান ছেলেকে। এখনও পিতৃপরিচয় হিসেবে “কারও নাম” সামনে আনেননি।
আর এই বিতর্কের মধ্যেই তার পাশে দাঁড়ালেন টলিউডের আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সব কটাক্ষ অগ্রাহ্য করে “মায়ের পরিচয়ই সন্তানের সব থেকে বড় সম্পদ” বলে জানালেন তিনি। সন্তানের মাতৃপরিচয়কেই যথেষ্ট মনে করেছেন ঋতুপর্ণা। সোমবার (৩০ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন- ছেলের নাম জানালেন নুসরাত
ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুত্রসন্তান ঈশানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী এবং লোকসভার সাংসদ নুসরাত জাহান। ইতোমধ্যেই মা ও শিশুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দ প্রকাশ করেছেন নুসরাতের বন্ধু ও তারকা অভিনেত্রী শ্রাবন্তী, মিমি, তনুশ্রীরা। নুসরাতের এই কেবলমাত্র মাতৃপরিচয়ে সন্তানের জন্ম দেওয়ার প্রসঙ্গে বক্তব্য রেখেছেন লেখক তসলিমা নাসরিন, শিল্পী ইলিনা বণিক, পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। নেটমাধ্যমেও এ বইছে পক্ষে-বিপক্ষে ঝড়।
এবার বিষয়টি নিযে নিজের মত ব্যক্ত করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। নুসরতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে হিমাচল প্রদেশে শ্যুটিং নিয়ে ব্যস্ত। ব্যস্তার মধ্যেও সেখান থেকে তিনি জানালেন, “নুসরাত ও নবজাতকের জন্য আমার শুভেচ্ছা রইল। দু’জনেই সুস্থ থাকুক, ভাল থাকুক- এই আন্তরিক শুভকামনা জানাই।”
আরও পড়ুন- নুসরাতের সদ্যজাত সন্তানকে নিয়েও ট্রল!
সন্তানের মাতৃপরিচয় কি যথেষ্ট? এই প্রশ্নে ঋতুপর্ণা বলেছেন, “মা আর সন্তানের বাঁধন চিরন্তন। মায়ের পরিচয় আর মায়ের নাড়ির টান সন্তানের সব থেকে বড় সম্পদ আর অস্তিত্বের কারণ। মায়ের কোনো বিকল্প হয় না।”
প্রসঙ্গত, নুসরাত ও যশ প্রেম করছেন প্রায় দেড় বছর ধরে। একসঙ্গে বসবাসও করেন তারা। নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সার্বক্ষণিক দেখাশোনা করেছেন যশ। এমনকি সন্তান জন্মদানের সময়ও পাশে ছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, ভালোবেসে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। ২০১৯ সালে বিয়ের পর মাত্র এক বছর টিকেছিল সংসারটি। অবশ্য তাদের বিচ্ছেদ নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মামলার শুনানি হতে পারে।