জাপানে আবারও মডার্না ভ্যাকসিনে দূষণ শনাক্ত
রয়টার্সআন্তর্জাতিক
মার্কিন কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাস (এমআরএনএ.ও) ভ্যাকসিনের আরও একটি ভায়ালে দূষণ খুঁজে পেয়েছে জাপানের কানাগাওয়া অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনার পর ওই চালানের বাকি টিকাগুলো আপাতত প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের আগে দূষণ পরীক্ষার সময় একজন ফার্মাসিস্ট ভ্যাকসিনের একটি ভায়ালে কালো রঙের বস্তুর উপস্থিতি শনাক্ত করেছেন।
আরও পড়ুন- আরও ১০ লাখ মডার্নার টিকা বাতিলের ঘোষণা জাপানে
এর আগে, দূষণ শনাক্ত হওয়ায় জাপান দুই দফায় মোট ২৬ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন বাতিল করে। উৎপাদক মডার্না এবং বোতলজাতকারী স্প্যানিশ কোম্পানি রোভি বলছে, উৎপাদন ত্রুটির জন্য এমন হতে পারে। এ ঘটনা নিয়ে ইউরোপের ওষুধ নিরাপত্তা কর্তৃপক্ষগুলো তদন্ত শুরু করেছে।
তবে মডার্নার দাবি, এ কারণে তাদের ভ্যাকসিনের সুরক্ষা বা কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই।
আরও পড়ুন- জাপানে মডার্নার টিকা নিয়ে ২ জনের মৃত্যু
কানাগাওয়া কর্তৃপক্ষ বলছে, মডার্না ভ্যাকসিনের স্থানীয় পরিবেশক তাকেদা ফার্মাসিউটিক্যাল এই দূষণসহই ভায়ালগুলো বুঝে পেয়েছে এবং ইতোমধ্যে এই চালান থেকে ৩,৭৯০ জন ভ্যাকসিন পেয়েছেন।