আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফাটল, বড় ক্ষতির আশঙ্কা
ট্রিবিউন ডেস্কআন্তর্জাতিক
বড় ধরণের ফাটল দেখা যাওয়ায় হুমকির মুখে পড়েছে মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। অতি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হলে ফাটলগুলো বড় হয়ে আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
মহাকাশ বিশেষজ্ঞ ভ্লাদিমির সলোভিমোভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।
রুশ মহাকাশ বিশেষজ্ঞ ভ্লাদিমির সলোভিমোভ বলেন, ‘‘মহাকাশ স্টেশনে রাশিয়ার অংশে ফাটল দেখা দিয়েছে। এটি খারাপ। ফাটল স্পষ্টতই দেখা যাচ্ছে আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি বাড়তে পারে।’’
এছাড়া, আইএসএসের রুশ অংশের ইন-ফ্লাইট ব্যবস্থার অন্তত ৮০% মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও যন্ত্রপাতির ব্যবহারও অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।’’
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার ভাষ্যমতে, ওইসব ফাটল দিয়ে অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক রশ্মি এবং ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ ঢুকে গেলেই বড় ধরণের বিপদের সম্ভাবনা রয়েছে। ফাটলগুলো ক্রমশ ছড়িয়ে পড়তে পারে আইএসএসের অন্যান্য অংশেও। এমনকি বিভিন্ন অংশ আবর্জনা হিসেবে ভেঙে পড়ে মহাকাশে বহু মহাকাশযান ও পৃথিবীর কক্ষপথে থাকা অন্যান্য বহু উপগ্রহেরও বিপদ ঘটাতে পারে।
প্রসঙ্গত, মহাকাশ স্টেশনে রাশিয়ার অংশে বেশ কয়েকবার বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। গত জুলাইয়ে ত্রুটিজনিত কারণে দেশটির নওকা মডিউলে মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ মহাকাশ স্টেশন বিকল হয়ে পড়েছিল।
মহাকাশ স্টেশনের যন্ত্রপাতি নিয়ে প্রায় সময়েই রাশিয়া উদ্বেগ প্রকাশ করে থাকে। এছাড়া, ২০২৫ সালের পর রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে দেওয়ারও সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে বেশ কয়েক দফায় দেশটি মহাকাশ গবেষণার বাজেট কাটছাঁট করেছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ করা হয়। রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশের যৌথ প্রকল্প হিসেবে ১৫ বছরের জন্য এর নকশা করা হয়েছিল।