বরিশালে ৬টি হরিণের চামড়া-মাংস উদ্ধার, আটক ৪
ইউএনবিবাংলাদেশ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছয়টি হরিণের চামড়াসহ ৩৭ কেজি মাংস পাচারকালে এক অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের হরিণের খামার থেকে চামড়া ও মাংস জব্দ করা হয় এবং সেখান থেকেই চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আগৈলঝাড়ার একটি হরিণের খামার মালিক ও এনজিও আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, খামারের নাইট গার্ড সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার।
আটককৃতদের মধ্যে, তিনজনের বাড়ি আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায়, বিপ্লব সরকারের বাড়ি মাদারীপুরের ডাসার থানা এলাকায়। তার মাধ্যমেই হরিণের মাংস পাচার করার প্রক্রিয়া চলছিল বলে ধারণা পুলিশের।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাজিহার ইউনিয়নের হরিণের খামারে অভিযান পরিচালনা করলে সেখানে পাচার ও স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশে রাখা চামড়া ও ৩৭ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটক করা হয় ওই খামারের মালিকসহ চারজনকে।”
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।