https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/09/capture-1630916677384.JPG

এবার সোহেল রানার বিরুদ্ধে বাড়ি ভাড়ার ৫৬ লাখ টাকা না দেওয়ার অভিযোগ

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

 ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অন্যতম পৃষ্ঠপোষক ও নেপথ্যের পরিচালক, সদ্য বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানার বিরুদ্ধে একের পর অভিযোগ বেরিয়ে আসছে।

সম্প্রতি তার বিরুদ্ধেোধথাকার উদ্দেশে বাড়ি ভাড়া নিয়ে উল্টো তা আবাসিক হোটেলে রূপান্তর এবং ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে।

বাড়ির মালিক সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, ভাড়া নেওয়ার চুক্তি ভঙ্গ করে সেখানে আবাসিক হোটেল বানায় সোহেল রানা, এমনকি প্রথমদিকে তার ভাড়া দিলেও পরবর্তীতে সেই ভাড়া দেওয়া বন্ধ করে দেয় সে। বাড়ি ছাড়তে বললে মালিককে ভয়ভীতিও দেখাতো সে।

পরবর্তীতে গত বছরের ২৩ সেপ্টেম্বর তিনি বনানী থানায় গিয়ে সোহেল রানাকে বাড়ি ছেড়ে না দিলে সংবাদ সম্মেলন করবেন বলে জানান তিনি। পরে বাড়ির চাবি বুঝিয়ে দেয় সে। 

শেষ পর্যন্ত বাড়িটি দখলমুক্ত করা গেলেও তার কাছ থেকে ভাড়া ও অন্যান্য বিল বাবদ সাড়ে ৫৬ লাখ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ বাড়ির মালিকের।

মালিকপক্ষের অভিযোগ, ২০১৮ সালের এপ্রিলে সোহেল রানা মাসিক সাড়ে চার লাখ টাকায় ভাড়া নেন বনানীর ২/২ নম্বর সড়কের এক ইউনিটের ছয়তলা বাড়িটি।  প্রথম দিকে বাড়িভাড়া দিলেও একপর্যায়ে তা বন্ধ করে দেন। ভাড়া চাইতে গেলে সোহেল রানা নানাভাবে ভয়ভীতি দেখান। বাড়িটি সোহেল রানার কর্মস্থল বনানী থানা এলাকা হওয়ায় তারা ভয়ে পেয়ে যান। সোহেল রানার কাছ থেকে বাড়িটি বুঝে নিতে চাইলে তিনি দখল ছাড়েননি। এভাবে ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাড়িটি দখল করে রাখেন।

উল্লেখ্য, গত রবিবার সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ই-অরেঞ্জের একজন গ্রাহক সোহেল রানার বিরুদ্ধে প্রায় ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। ওই রাতেই সোহেল রানা পালিয়ে যান। পরে গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্দায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ে তিনি।