https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/09/ezgif-com-gif-maker-2-1631191061728.jpg

মিমের পর বলিউডকে মেহজাবিনেরও 'না'

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

সম্প্রতি “খুফিয়া” নামের একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

তবে শুধু মিম একা নন, বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আরেক বাংলাদেশি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

গত জুলাই মাসের শুরুর দিকে“খুফিয়া” সিনেমার কাস্টিং ডিরেক্টর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বলে সংবাদমাধ্যম ডেইলি স্টারকে জানিয়েছেন মেহজাবিন। 

তিনি বলেন, “সিনেমাটার গল্পের প্রয়োজনে বাংলাদেশি একজন অভিনয় শিল্পী লাগবে বলে যোগাযোগ করেছিলেন তারা। সেই কারণে আমার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। আমাকে গল্পের সারসংক্ষেপ পাঠিয়েছিলেন। আমার চরিত্রটি সম্পর্কেও ধারণা দেওয়া হয়। গল্প শুনে সারসংক্ষেপ পড়ে আমার মনে হয়েছে সিনেমার গল্পে আমাদের দেশকে ছোট করা হয়েছে। সেই কারণেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।”

তিনি আরও বলেন, “সিনেমার গল্প চিত্রনাট্যে বাংলাদেশের রাজনীতির কিছু অংশ তুলে ধরা হয়েছে। সিনেমাটার সেই চরিত্রে অভিনয় করলে বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে তুলে ধরা হতো। দেশের প্রতি ভালোবাসা থেকে এই সিনেমাটা করিনি। মূল বিষয় হচ্ছে আমার দেশটাকে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই। সেই কারণে আমি রাজী হইনি।”

এর আগে একই সিনেমার চরিত্র পছন্দ হওয়া সত্ত্বেও ছবির গল্পে বাংলাদেশকে হেয়ভাবে উপস্থাপন করার কারণে ছবিটিতে অভিনয় করতে রাজি হননি মিম।


আরও পড়ুন: বাংলাদেশকে ‘হেয়’ করার বলিউডি সিনেমায় মিমের ‘না’