https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/01/psc-1536659673830-1610546001564.jpg

৪২তম বিসিএসের ফল প্রকাশ

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পিএসসি এই ফল প্রকাশ করে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সরকারি হাসপাতালে চিকিৎসক ঘাটতি মেটাতে বিশেষ এই বিসিএসের মাধ্যমে প্রথমে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও, পরে আরও দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়া হচ্ছে।

সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এই চিকিৎসকদের নিয়োগপ্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত হয় বলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার জন চিকিৎসক অংশ নেন। 

পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

এরপর করোনাভাইরাসের কারণে কয়েক দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। বিধিনিষেধের মধ্যেও সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কাজ চালিয়ে যায় তারা।