ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৩১৭ জন হাসপাতালে
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭ জনে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১৭ জনের মধ্যে ৫৮ জন ঢাকার বাইরে এবং বাকি ২৫৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৪৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭৫ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৭০ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৭০৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৫১ জনের ডেঙ্গু শনাক্ত হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু মৌসুম হিসেবে ধরা হয়। তবে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস মূল মৌসুম। কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টি এডিস মশার বংশবিস্তারে প্রভাব ফেলছে। করোনাভাইরাস আর ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় জ্বর হলে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছিল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন। আর সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।