https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/09/d-1631361655135.jpg

শিক্ষামন্ত্রী: কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করা হবে

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টি মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে সংক্রমণ বাড়বে না। তারপরও যদি কোন কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে প্রথমে সংক্রমণ রোধে ব্যবস্থা নিবো। যদি তারপরও সংক্রমণ বেড়ে যায় তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।”

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্বের অনেক দেশই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার তা বন্ধ করে দিয়েছে। আমরাও শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবো।”

ডা. দিপু মনি বলেন, “গত বছরের মার্চ মাস থেকে কোভিড সংক্রমণের কারণে পাঠদান বন্ধ ছিল, কিন্তু শিক্ষার্থীদের পড়াশুনা বন্ধ ছিলনা। অনলাইন, টেলিভিশন এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরো বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিমালা করা হয়েছে এবং সেটি স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান সেটি না মানে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোনো ভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি আমরা অবহেলা করতে পারি না।”

তিনি বলেন, “দেশে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে এমন কথা অনেকেই বলছেন। কিন্তু আমরা যখন অ্যাসাইনমেন্ট দিয়েছি, তখন দেখেছি, শতকরা ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে যেভাবে আশঙ্কা করা হচ্ছে শিক্ষার্থী ঝড়ে পড়েছে, সেটি আসলে সত্য নয়। এখন যখন সবাই শ্রেণি কক্ষে ফিরে আসতে শুরু করবে এবং যারা আসবেনা তাদের আমরা পারিবারিকভাবে খোঁজ নিয়ে নিশ্চিত করা হবে কেন তারা আসছেন। তারপরই কিন্তু আমরা জানতে পারবো আসলেই শিক্ষার্থী ঝড়ে পড়েছে কিনা বা কতটুকু শিক্ষার্থী ঝড়ে পড়েছে নিশ্চিত হতে পারবো।”