নবজাতকের জন্মসনদ নিতে যশ-নুসরাত পৌরসভায়, একসঙ্গে নিলেন কোভিড টিকা
ট্রিবিউন ডেস্কবিনোদন
টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত একসঙ্গে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) কলকাতা পৌরসভা কার্যালয়ে চিকিৎসক নবারুণ মজুমদারের উপস্থিতিতে টিকা নেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যশ দাশগুপ্তের সঙ্গে কলকাতা পৌরসভায় গিয়েছেন নুসরাত জাহান। সেখানে প্রধান পৌর স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরীর কক্ষে তাদেরকে দেখা গিয়েছে। মূলত কলকাতা পৌরসভায় যেখানটায় তারা গিয়েছিলেন সেখানে সদ্য জন্মগ্রহণ করা শিশুদের জন্মসনদ দেওয়া হয়। বাবা অথবা মায়ের নাম এবং জন্মের তারিখ দিলে জন্মসনদ দেওয়া হয়। চিকিৎসক নবারুণ মজুমদারের উপস্থিতিতে শনিবার যশ ও নুসরাত কোভিডের প্রথম ডোজ টিকা নিয়েছেন।
প্রাক্তন স্বামী নিখিল জৈনের কাছ থেকে আলাদা হওয়ার পর যশের সঙ্গেই থাকেন নুসরাত। প্রায়শই তারা একসঙ্গে ঘুরতে বের হন। এবার এলেন টিকাকেন্দ্রে। এ সময় তারা সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট ছেলেসন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। যদিও সন্তানের বাবা কে সে বিষয়ে এখনও কিছু জানানি তিনি। গত বুধবার (৮ সেপ্টেম্বর) একটি পার্লার উদ্বোধনে গিয়েছিলেন নুসরাত। সে সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি গণমাধ্যমের কাছে বলেন, “সন্তানের বাবাই জানে, বাবা কে। একজন নারীকে এরকম প্রশ্ন করা মানে তাকে অপমান করা!”
উল্লেখ্য, ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। তবে এক বছর যেতে না যেতেই সংসারটি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। তাদের বিচ্ছেদ বিষয়ক একটি মামলা এখনও আদালতে চলমান রয়েছে।