রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি ইউরোপের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন। ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ, ইউক্রেন তথা পুরো ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন। জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ওই বৈঠকের মধ্যেই ট্রাম্প টেলিফোনযোগে পুতিনের সঙ্গে কথা বলেন। ক্রেমলিন এক বার্তায় জানিয়েছে, প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেন এই দুই নেতা। খবর বিবিসির
গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর গতকাল সোমবার হোয়াইট হাউজে জেলেনস্কিসহ ইউরোপীয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে অংশ নেন।
যুদ্ধবিরতি নিয়ে কী বলছেন ইউরোপীয় নেতারা
এই বৈঠকেই গুরুত্ব পায় যুদ্ধবিরতি বা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়টি। ট্রাম্প সেখানে জানান, যুদ্ধ বন্ধের আলোচনার আগে যুদ্ধবিরতি জরুরি নয়। এর আগে যুদ্ধ চলাকালীন বিভিন্ন সময়ে ইউক্রেন বারবার শান্তি আলোচনার শর্ত হিসেবে যুদ্ধবিরতি জরুরি বলে জানিয়েছিল।
ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘‘আমি জানি না এটা (যুদ্ধবিরতি) কতটা জরুরি।” তবে ইউরোপীয় নেতারা এর বিরোধিতা করেন। সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেছেন, ‘‘আমি কল্পনাও করতে পারি না যে পরবর্তী বৈঠক যুদ্ধবিরতি ছাড়া হবে। তাই চলুন, আমরা এ নিয়েই কাজ করি এবং রাশিয়ার ওপর চাপ তৈরি করার চেষ্টা করি।’’
এদিকে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) জেলেনস্কি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আমাদের অংশীদারেরা নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রকাশ করবেন এবং ধীরে ধীরে তা বিস্তারিত জানানো হবে। সবকিছু আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হবে।’’



