ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে পশ্চিম এশিয়ার জ্বালানি উৎপাদন খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে জানিয়েছে, এই অঞ্চলের জ্বালানি উৎপাদন ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরে যেতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে।
শুক্রবার (১৭ এপ্রিল) সুইস পত্রিকা নয়েই জুরশার জাইতুংকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল বলেন, “এই পুনরুদ্ধারের সময়সীমা দেশভেদে ভিন্ন হবে।”
তিনি বলেন, “এটি দেশভেদে আলাদা হবে। উদাহরণ হিসেবে ইরাকে সময় লাগবে সৌদি আরবের তুলনায় অনেক বেশি। তবে সামগ্রিকভাবে আমরা ধারণা করছি, যুদ্ধ পূর্ব অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লাগবে।”
সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের ফলে তেল ও গ্যাস উত্তোলন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, যদি হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু না করা হয়, তাহলে বিশ্বকে উল্লেখযোগ্যভাবে বেশি মূল্যের জ্বালানির জন্য প্রস্তুত থাকতে হবে।
আইইএর মতে, এই দীর্ঘমেয়াদি সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়বে, যা দীর্ঘকাল উচ্চমূল্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিম এশিয়া থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ব অর্থনীতিকে বিকল্প জ্বালানি উৎস এবং কঠোর সাশ্রয়ী নীতির ওপর নির্ভর করতে হবে।



