হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্ব জ্বালানি বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ রুট “বাব আল-মান্দেব” বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত সরকার।
হুথিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দেন, তবে ইয়েমেন উপকূলের এই কৌশলগত প্রণালীটি বন্ধ করে দেওয়া হতে পারে।
রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হুথিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি লেখেন, “সানা যদি বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন, কারও পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না।”
হোসেন আল–এজ্জি মার্কিন প্রশাসনের প্রতি ইঙ্গিত করে আরও বলেন, “ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।”
আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক নৌপথ। মূলত এই পথ ব্যবহার করেই জাহাজগুলো সুয়েজ খালের দিকে যাতায়াত করে। এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।



