Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা

নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে

আপডেট : ০৫ মে ২০২৬, ০১:৩১ পিএম

সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পুলিৎজার পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। এবার ‘জাতীয় রিপোর্টিং’ ও ‘বিট রিপোর্টিং’ - এই দুই বিভাগে পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া, বিভিন্ন বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, কানেটিকাট মিরর, শিকাগো ট্রিবিউন, এপিসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম। এর মধ্যে নিউইয়র্ক টাইমস তিনটি বিভাগে পুরস্কার জিতেছে।

সোমবার (৪ মে) এ বছরের পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মেটার ভূমিকা নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনের করে পুলিৎজার পুরস্কার জিতেছে রয়টার্স।

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মর্মস্পর্শী ও হৃদয়বিদারক স্থিরচিত্রের জন্য ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছেন নিউইয়র্ক টাইমসের ফটোসাংবাদিক সাহের আলঘোরা।

জনসেবা বা পাবলিক সার্ভিস বিভাগে বড় সাফল্য পেয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সংস্কার এবং সাধারণ মানুষের ওপর তার প্রভাব নিয়ে সাহসী সাংবাদিকতার জন্য তারা এই সম্মাননা লাভ করে। এছাড়া প্রতিষ্ঠানটির জাহি চিকওয়েন্দিউ ফিচার ফটোগ্রাফিতে আবেগঘন ছবি-গল্পের জন্য পুরস্কৃত হয়েছেন।

অনুসন্ধানী সাংবাদিকতাসহ তিনটি বিভাগে পুলিৎজার জিতেছে নিউইয়র্ক টাইমস। ট্রাম্প, তার পরিবার ও ট্রাম্পের মিত্ররা কীভাবে ক্ষমতাকে ব্যবহার করে লাভবান হচ্ছেন, তা নিয়ে প্রতিবেদনের জন্য অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার জিতেছে সংবাদমাধ্যমটি। মতামতধর্মী লেখার জন্য পুরস্কার জিতেছেন নিউইয়র্ক টাইমসের এম গেসেন।

ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনার সময়োচিত কাভারেজের জন্য সম্মাননা পেয়েছে মিনেসোটা স্টার ট্রিবিউন কর্মীরা।

ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগে অ্যাসোসিয়েট প্রেসের (এপি) প্রদায়ক ডেক কাং, গ্রেরেনস বুরকি, বায়রন টাউ, অনিরুদ্ধ ঘোষাল ও ইয়েল গ্রাউয়ের পুলিৎজার জিতেছেন।

সান ফ্রান্সিসকো ক্রনিকলের তিন সাংবাদিক সুশি নেইলসেন, মেগান ফ্যান মিউনি আর সারা ডিনাটালে এ বছরের বিশ্লেষণধর্মী বিভাগে পুলিৎজার জিতেছেন।

স্থানীয় সাংবাদিকতায় দুটি পুরস্কারের একটি জিতে নিয়েছে কানেটিকাট মিররের ডেভআলটিমারি ও গিনি মঙ্ক এবং প্রোপাবলিকার সোফি চউ ও হারু কোরনি। আরেকটি পেয়েছেন শিকাগো ট্রিবিউনের কর্মীরা।

ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কারজয়ীদের মধ্যে রয়টার্সের নেড পারকার, লিন্ডা সো, পিটার ইসলার ও মাইক স্পেকটর রয়েছেন। বিট রিপোর্টিং বিভাগে জয়ী ব্যক্তিদের তালিকায় রয়টার্সের জেফ হরউইজ ও এনজেন থামের নাম রয়েছে।

ফিচার লিখে পুলিৎজার জিতেছেন টেক্সাস মান্থলির অ্যারন পার্সলে। সমালোচনা বিভাগে ডালাস মর্নিং নিউজের মার্ক ল্যামস্টার এবং ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে ব্লুমবার্গের আনন্দ আরকে, সুপর্ণা শর্মা আর নাটালি ওবিকো পিয়ারসন পুলিৎজার জিতেছেন।

ওয়াশিংটন পোস্টের জাহি চিকেওয়েনদু ফিচার ফটোগ্রাফি বিভাগে এ বছরের পুলিৎজার জিতেছেন। আর অডিও রিপোর্টিং বিভাগে পুলিৎজার জিতেছেন পডকাস্ট পাবলো টোরি ফাইন্ডস আউটের কর্মীরা।

সাংবাদিকতার পাশাপাশি শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখায় ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। কথাসাহিত্য বিভাগে ড্যানিয়েল ক্রাউস তার ‘অ্যাঞ্জেল ডাউন’ বইয়ের জন্য পুরস্কৃত হয়েছেন। ইতিহাসে জিল লেপোর এবং জীবনী বিভাগে আমান্ডা ভাইল বিশেষ সম্মাননা পেয়েছেন। এছাড়া সঙ্গীতে গ্যাব্রিয়েলা লেনা ফ্রাঙ্ক এবং সাংবাদিকতায় দীর্ঘ অবদানের জন্য জুলি কে. ব্রাউনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯১৭ সাল থেকে প্রবর্তিত এই পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে বিবেচনা করা হয়। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সঙ্গীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

   

About

Popular Links

x