ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় ঝড়ে একটি নির্মাণাধীন সেতু ধসে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অরবিন্দ কুমার বর্মা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, গ্রামে ঝড় শুরু হওয়ার সময়ও সেতুটির কাজ চলছিল। প্রথমে সেতুর কিছু অংশ ভেঙে পড়ে এবং এরপর সাপোর্টিং পিলারগুলো ধসে যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবল ঝড় ও ভারি বৃষ্টির মধ্যে নির্মাণাধীন সেতুটির বড় একটি স্ল্যাব নিচে পড়ে যায়, এতে নিচে থাকা শ্রমিকদের ওপর কংক্রিটের বিশাল অংশ ও লোহার কাঠামো ধসে পড়ে। পুলিশ, জরুরি দুর্যোগ মোকাবেলা বাহিনী এসডিআরএফ ও স্থানীয় কর্তৃপক্ষ আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে থাকা চারজনের মধ্যে দুজনের সন্ধান মিলেছে এবং বাকি দুজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তিনজন শ্রমিক সেতুটির একটি পিলারের উপরে আটকা পড়েছেন। তাদের নিরাপদে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কী কারণে সেতুটির একটি অংশ ধসে পড়েছে তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান পুলিশ।
হামিরপুরের সার্কেল অফিসার রাজেশ কামাল বলেন, “আরও দুজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনও আটকে আছেন এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।”



