পারস্য উপসাগরের হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক “অ্যাপাচি” সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে হেলিকপ্টারে থাকা দুই পাইলট সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৯ জুন) ওয়াশিংটনে ফেরার পথে জন এফ কেনেডি বিমানবন্দরে দাঁড়িয়ে এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
যদিও ইরানের হামলার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য দেননি ট্রাম্প।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ দিয়েই এক বিবৃতিতে ওমান উপসাগরে ইরানগামী একটি তেলবাহী ট্যাঙ্কারকে অচল করে দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র।
ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড়ে যাওয়া একটি এফ/এ-১৮ সুপার হর্নেট ফাইটার জেট থেকে তেলবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
ওইসময় তারা দাবি করে, যুক্তরাষ্ট্রের দেওয়া দিকনির্দেশনা অমান্য করায় জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং রুম লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
ইরানের আরোপিত বাণিজ্যিক নৌ চলাচল-সংক্রান্ত বাধা মোকাবিলায় সেন্টকম দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে অ্যাপাচি হেলিকপ্টার, সশস্ত্র এমকিউ-৯ রিপার ড্রোন এবং এফ/এ-১৮ ও এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে এ পর্যন্ত ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া, শত্রুপক্ষ ও নিজেদের বাহিনীর গুলিতে কয়েকটি যুদ্ধবিমানও হারিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এর আগে দেখা যায়নি।



