লাইসেন্স জালিয়াতি করে প্রায় ১৭ বছর ধরে ৯০০ ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডার বিমান সংস্থার এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাতে এ তথ্য উঠে এসেছে।
চার মাসের তদন্ত শেষে গত মঙ্গলবার এয়ার কানাডার সাবেক ক্যাপ্টেন জিওফ্রে ওয়ালের বিরুদ্ধে জালিয়াতিসহ বেশ কিছু অপরাধের অভিযোগ এনেছে কানাডার পিল অঞ্চলের পুলিশ।
পিল রিজিওনাল পুলিশ প্রধান নিশান দুরাইয়াপ্পা জানায়, ৫৯ বছর বয়সী জিওফ্রে ওয়াল ভুয়া পাইলট লাইসেন্স ব্যবহার করে ২০০৯-২০২৫ সালের মধ্যে ৯০০ এর বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেন। গত বছর অবসরে যাওয়ার আগ পর্যন্ত যোগ্যতার সনদ নিয়ে এয়ার কানাডা ও কানাডার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (উভয়পক্ষ) তিনি প্রতারিত করেন বলে পুলিশের কাছে প্রমাণ রয়েছে।
পুলিশ আরও জানায়, ওয়ালের একটি বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স ছিল। তবে বাণিজ্যিক উড়োজাহাজের ক্যাপ্টেন (প্রধান চালক) থেকে উচ্চস্তরের ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ তার ছিল না।
সাবেক এই পাইলটের বিরুদ্ধে একটি জালিয়াতি, দুইটি জাল নথি তৈরি ও ব্যবহার, তিনটি ভুয়া ট্রেডমার্ক নিজের কাছে রাখা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার একটি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্যের জন্য ওয়ালের কোনো আইনি প্রতিনিধির খোঁজ পাওয়া যায়নি বলে জানায় আল-জাজিরা।
অন্যদিকে এয়ার কানাডা জানায়, সাবেক এ পাইলটের কর্মকাণ্ডকে ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে দেখলেও যাত্রীদের নিরাপত্তা কখনোই বিঘ্নিত বা ঝুঁকির মুখে পড়েনি।কারণ প্রতি ছয় মাস পরপর সব পাইলটের দক্ষতা যাচাইয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি একজন সনদধারী পাইলটের অধীন বছরে একবার ফ্লাইট পরীক্ষা নেওয়া হয়।
বিমান সংস্থাটি আরও জানায়, ওয়াল তার সব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন ও বড় উড়োজাহাজ নিরাপদে চালানোর ক্ষেত্রে ‘উচ্চস্তরের দক্ষতা’প্রদর্শন করেন। তাদের অন্য পাইলটদের লাইসেন্স পরীক্ষার পর লাইসেন্স-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের আর কোনো প্রমাণ বা নজির পাওয়া যায়নি।
এদিকে এয়ার কানাডা এক বিবৃতিতে জানায়, বিষয়টি জানার পরপরই ওই ব্যক্তিকে সক্রিয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং স্বেচ্ছায় বিষয়টি ‘ট্রান্সপোর্ট কানাডা’কে জানানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের প্রধান ও পেশাদার পাইলট হাসান শাহিদি অভিযুক্ত ওয়ালের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ব্যতিক্রমী ও অত্যন্ত বিরল ঘটনা’ হিসেবে বর্ণনা করেন।



