Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্র, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

রাজধানী ওয়াশিংটনে আয়োজিত ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ তীব্র গরমের কারণে বিঘ্নিত হয়েছে

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বড় অংশজুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের কারণে দেশটির স্বাধীনতা দিবসের উদযাপন ব্যাহত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত শুক্রবার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে আয়োজিত কয়েক ডজন প্যারেড, কনসার্ট এবং আতশবাজি প্রদর্শনী বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও তীব্র গরমের কারণে বিঘ্নিত হয়েছে। শুক্রবার বিকেলে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে কুলিং টেন্ট (শীতলীকরণ তাবু) এবং পানি ছিটানোর বিশেষ মিস্ট স্টেশন বসানোর মতো কিছু বিকল্প ব্যবস্থা নিয়ে মেলাটি ফের চালু করার চেষ্টা চলছে।

তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকদের বিদ্যুতের ব্যবহার কমানোর নির্দেশ দেয়। বিদ্যুৎ উৎপাদন ইউনিট বিকল হওয়া, অতিরিক্ত চাপে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার হঠাৎ বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউইয়র্কে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন বলেছে, “গত শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭,০০০ গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানায়।”

জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহের শুরুতে রেকর্ড ভাঙা এই তাপমাত্রা মধ্য-পশ্চিমাঞ্চল থেকে ক্রমশ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। যার ফলে দেশটির ১৮৫ মিলিয়নেরও (১৮ কোটি ৫০ লাখ) বেশি নাগরিক এখন হিট অ্যালার্ট-এর আওতায় রয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, দেশের কিছু কিছু অংশে তাপমাত্রা সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সরকারি কর্মকর্তারা এই দাবদাহকে ‘প্রাণঘাতী’ উল্লেখ করে নাগরিকদের সতর্ক করেছেন। বিশেষ করে ছুটির এই দিনগুলোতে যারা বাইরে বের হচ্ছেন, তাদের প্রচুর পানি পান করার, ছায়ায় থাকার এবং হিটস্ট্রোকের মতো গরমজনিত অসুস্থতার লক্ষণগুলোর দিকে কড়া নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

ফিলাডেলফিয়াতেও প্রচণ্ড গরমের কারণে সেখানকার প্রধান আকর্ষণ ‘স্যালুট টু ইনডিপেনডেন্স প্যারেড’ বাতিল করতে বাধ্য হন কর্মকর্তারা। এর আগে গত বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।

এছাড়া পূর্ব উপকূলজুড়ে গরমের প্রভাব ছড়িয়ে পড়ায় নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের বার্ষিক স্বাধীনতা দিবসের প্যারেড বাতিল করেছে। নিউইয়র্কের ওয়াটারটাউন শহর তাদের কনসার্ট ও আতশবাজি প্রদর্শনী স্থগিত করেছে।

অন্যদিকে বোস্টনে নদীর পাড়ে আয়োজিত বার্ষিক আতশবাজি উৎসবের প্রবেশ সময় দুপুর ১২টার পরিবর্তে ৪ ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা করা হয়।

উল্লেখ্য, ৪ জুলাই স্বাধীনতা দিবসের ছুটিতে মার্কিন নাগরিকেরা সাধারণত বারবিকিউ, শোভাযাত্রা ও আতশবাজির মাধ্যমে ১৭৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা উদ্‌যাপন করেন।

কিন্তু এবারের তীব্র তাপপ্রবাহের কারণে পূর্ব উপকূলজুড়ে অনেক অনুষ্ঠানে পরিবর্তন আনতে হয়েছে বা সেগুলো বাতিল করতে হয়েছে।

   

About

Popular Links

x