Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেকারণে খামেনির জানাজায় অংশ নেয়নি ১৩টি দেশ

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। তবে মার্কিন প্রশাসনের প্রবল চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার অন্তত ১৩টি দেশ এই শেষ বিদায় অনুষ্ঠান বর্জন করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকির ভয়ে যে ১৩টি দেশ অংশ নেয়নি, তাদের মধ্যে বেশ কয়েকটি দেশের সরকার পরবর্তীতে কূটনৈতিক চ্যানেলে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করার চেষ্টা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বিদেশি প্রতিনিধিদলগুলো যাতে এই স্মরণসভায় যোগ দিতে তেহরান সফর না করে, সেজন্য টানা পাঁচ দিন ধরে মার্কিন কর্মকর্তারা ‘ব্যাপক প্রচারণা’ ও চাপ সৃষ্টি করেছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেন। ওই নির্দেশনা অনুযায়ী, খামেনির জানাজায় অংশ নেওয়াকে ওয়াশিংটনের প্রতি ‘অবন্ধুসুলভ আচরণ’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে, এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মারাত্মক অবনতি হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়।

প্রেস টিভির প্রতিবেদনে দুজন আরব কূটনীতিকের বরাত দিয়ে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন এবং চাপ প্রয়োগ করেছেন। এছাড়া আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সেখানকার স্থানীয় সরকারগুলোকে সতর্ক করে বলেছিলেন, এই অনুষ্ঠানে যোগ দিলে তা যুক্তরাষ্ট্রের দেওয়া উন্নয়ন সহায়তাকে ঝুঁকিতে ফেলতে পারে।

তবে ওয়াশিংটনের এমন নজিরবিহীন হুমকি-ধমকি বিশ্ব দরবারে খুব একটা কাজে দেয়নি। মার্কিন চাপ উপেক্ষা করেই বাংলাদেশ, চীন, রাশিয়া, ভারত, সৌদি আরব, কাতার, ওমান ও পাকিস্তানসহ শতাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা তেহরানে সমবেত হন। তারা মার্কিন-ইসরায়েলি হামলায় প্রাণ হারানো আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেন।

   

About

Popular Links

x