Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

দুর্গত এলাকায় উদ্ধারকাজে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা কর্মী মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী  

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি পর্যটক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, রয়টার্স ও এএফপির প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানা গেছে।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রসুয়া জেলায় বন্যায় প্রাণহানির ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটি।

একইসঙ্গে দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা হিসেবে ৫ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহে ব্যবহার করা হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে ১০৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কলকাতার ৩২ জন রয়েছেন।

নেপাল পুলিশের সর্বশেষ হিসাব অনুযায়ী, দুর্যোগে মৃতের সংখ্যা ১৬২। নিহতদের মধ্যে ৬৪ জনের মরদেহ ভাটির দিকে চিতওয়ান জেলায় এবং আরও ২৬ জনের মরদেহ ইস্ট নওয়ালপরাসি জেলায় উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ থাকা শত শত মানুষের মধ্যে ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন।

দুর্যোগের ভয়াবহতা বিভিন্ন ছবি ও ভিডিওতেও ফুটে উঠেছে। নেপাল পুলিশের প্রকাশ করা ছবিতে প্রবল স্রোতে বাড়িঘর ভেসে যেতে দেখা গেছে। এএফপির ছবিতে কাদামাটির নিচে চাপা পড়া একটি বাড়ির শুধু ওপরের অংশ দৃশ্যমান ছিল।

বন্যা ও ভূমিধসে দেশটির বিদ্যুৎ অবকাঠামোও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের পাশাপাশি সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহেও বিঘ্ন ঘটছে।

ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা কর্মী মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী।

এদিকে নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও এই বন্যার প্রভাব পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রকাশিত প্রতিবেদনে নিখোঁজের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়। তাদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি নাগরিক। তবে মৃতের সংখ্যা তিনজনই রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তপথ হলো গিরং। ফলে বন্যার কারণে ওই এলাকাতেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

   

About

Popular Links

x