ভারতের মহারাষ্ট্রের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পরে হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টার অভিযোগে নিহতের মা-বাবা দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি পুনের ওয়ারজে মালওয়াড়ির বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসকে পবিত্র মনে করে অনেক পরিবার এ সময়ে মাছ, মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকে। মহেশের পরিবারেও এ সময়ে নিরামিষ খাবার খাওয়ার নিয়ম ছিল। তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে জোরাজুরি করছিলেন।
এ নিয়ে বাবার সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা লাঠি দিয়ে মহেশকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।
ঘটনার পর পুলিশকে না জানিয়ে স্বামীকে রক্ষার জন্য নিহতের মা হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে বিষয়টি পুলিশের নজর এড়ায়নি।
স্থানীয় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ ঘটনাটি সন্দেহজনক মনে করে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের তথ্য ও আলামত নষ্টের চেষ্টার প্রমাণ পাওয়ার পর মহেশের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা এবং তথ্য-প্রমাণ গোপনের অভিযোগে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



