Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্ষণের তথ্য গোপন করে মার্কিন নাগরিকত্ব হারালো ভারতীয় ট্যাক্সি চালক

২০১১ সালে সংঘটিত একটি অপহরণ ও ধর্ষণের মামলায় ২০১৪ সালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

নারী যাত্রীকে অপহরণ ও ধর্ষণের তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের দায়ে গুরমিত সিং (৫৫) নামের এক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ট্যাক্সি চালকের নাগরিকত্ব বাতিল করেছে দেশটির ফেডারেল আদালত।

বর্তমানে নিউ ইয়র্কের একটি কারাগারে সশ্রম কারাদণ্ড ভোগ করছেন গুরমিত সিং। ২০১১ সালে সংঘটিত একটি অপহরণ ও ধর্ষণের মামলায় ২০১৪ সালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালত গত ২৬ আগস্ট গুরমিত সিংয়ের ন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব গ্রহণের আদেশ বাতিলের চূড়ান্ত রায় দেন।

নথি অনুযায়ী, ২০১১ সালের ৬ মে রাতে নিউ ইয়র্কের উইলিয়ামসবার্গ এলাকা থেকে ২৬ বছর বয়সী এক নারী যাত্রীকে নিজের ট্যাক্সিক্যাবে তোলেন গুরমিত সিং। পথিমধ্যে ওই নারী ঘুমিয়ে পড়লে তাকে গন্তব্যে না নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। পরে ভুক্তভোগীর গলায় ছুরি ঠেকিয়ে এবং হাত-পা ও মুখ বেঁধে তাকে নির্মমভাবে ধর্ষণ করেন গুরমিত। ঘটনার পর ওই নারী পালিয়ে এসে স্থানীয়দের সহায়তা নেন। পরবর্তীতে সংগৃহীত ডিএনএ আলামত পরীক্ষার মাধ্যমে গুরমিত সিংয়ের অপরাধ প্রমাণিত হয়।

অভিযোগপত্র অনুযায়ী, জঘন্য ওই ঘটনার মাত্র কয়েক সপ্তাহের মাথায় ২০১১ সালের মে মাসে অপরাধের তথ্য গোপন রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন জানান গুরমিত সিং। জালিয়াতির আশ্রয় নিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পর একই বছরের ১৯ অক্টোবর তিনি মার্কিন নাগরিক হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২০১৪ সালের মে মাসে জুরি বোর্ড তাকে অপহরণ ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেয়। ২০১৭ সালে নিউ ইয়র্কের আপিল আদালতও ওই দণ্ড বহাল রাখেন।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ন্যাচারালাইজেশনের মাধ্যমে প্রাপ্ত নাগরিকত্বে যদি কেউ গুরুত্বপুর্ণ অপরাধমূলক তথ্য গোপন কিংবা ভুল তথ্য প্রদান করে, তবে আদালতের আদেশে তা বাতিল যোগ্য। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিচার বিভাগ গুরমিতের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের মামলা করে, যার পরিপ্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গ্যারোফিস এই রায় প্রদান করেন।

রায় প্রসঙ্গে মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, "আমেরিকার নাগরিকত্ব কখনোই অপরাধীদের আড়াল বা সুরক্ষা দেওয়ার মাধ্যম হতে পারে না।"

আদালতের নির্দেশনা অনুসারে, আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে গুরমিত সিংকে তার নাগরিকত্ব সনদ ও মার্কিন পাসপোর্ট জমা দিতে হবে। বর্তমানে নিউ ইয়র্কের শাওয়ানগাঙ্ক কারেকশনাল ফ্যাসিলিটিতে সাজা ভোগ করছেন তিনি। ২০২৯ সালের ফেব্রুয়ারি মাসে তার নির্ধারিত সাজা শেষ হওয়ার পর দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাকে ভারতে ফেরত বা বহিষ্কার (ডির্পোট) করার আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবে।

   

About

Popular Links

x