বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে থাকা একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বলিভিয়া স্থানীয় সময় দুপুরের দিকে লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ভিয়াচা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে জানা গেছে, সামরিক স্থাপনাটির একটি অংশে আতশবাজি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ রাখা ছিল। ওই মজুতের কাছেই বিস্ফোরণের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, প্রাণহানির সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। তার হিসাবে আহত হয়েছেন ৬২ জন। তাদের মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ অবশ্য জানিয়েছে, আহতের সংখ্যা ৫০ জনের বেশি। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কা আশপাশের আবাসিক এলাকাতেও পৌঁছে যায়। এতে কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে এবং অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।
ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হচ্ছে।
এদিকে বিস্ফোরণস্থলে এখনো ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস। কিছু জায়গায় তাপমাত্রা বেশি থাকায় সেখানে মজুত দাহ্য বা বিস্ফোরক উপকরণ থেকে নতুন করে বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে।
এ কারণে নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে বিস্ফোরণস্থলের অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।



