ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের সৌদিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তাজনিত উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে নিজের নির্ধারিত ছুটি সংক্ষিপ্ত করে হোয়াইট হাউজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে তিন দিনের সফরে গিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি।
রবিবার (২০ সেপ্টেম্বর) দ্য হিল নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আকস্মিকভাবে ক্যাম্প ডেভিডের সফর সংক্ষিপ্ত করে ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্টের ওয়াশিংটনে প্রত্যাবর্তনের সাথে সাথেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও গমন ইচ্ছুক মার্কিন নাগরিকদের সতর্ক করে নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের আক্রমণের পর মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন ও ভ্রমণ বিঘ্নের প্রস্তুত থাকা এবং অন্যদের এই অঞ্চলে আসা বা এই পথ ব্যবহারের সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং তেল কোম্পানি আরামকোর ইয়ানবু প্রাঙ্গণ লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তাদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে চালানো হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলা তারা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।
চলমান ইরান যুদ্ধের সার্বিক প্রেক্ষাপটে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই সামরিক উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউজে ট্রাম্পের জরুরি প্রত্যাবর্তন আন্তর্জাতিক অঙ্গনে নানা গুঞ্জনের সৃষ্টি করেছে।



