ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। তাদের বহনকারী উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরের অবতরণ করার পর সেই উড়োজাহাজে উঠে তাদের আটক করেছে পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলো ককরোচ জনতা পার্টি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি, তবে সিজেপি তা তোয়াক্কা না করে জানিয়েছিল, কর্মসূচি যথা সময়ে শুরু হবে।
সেই কর্মসূচিতে যোগ দিতেই উড়োজাহাজে চেপে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ। নয়াদিল্লির স্থানীয় সময় বেলা ১০টা ১৯ মিনিটে তাদের ফ্লাইট অবতরণ করে। এর পরপরই উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ উড়োজাহাজে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
দিপকের পোস্ট করা ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই হতে দেখা যায়। সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। উড়োজাহাজ থেকে যাত্রীদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তারা।
ভিডিওতে দীপককে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনারা তো আমরা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন, আমরা ভয় পাই না।”



