করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারিকে ‘লিটল ফ্লু’ বলে আখ্যায়িত করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বোলসেনারোর শরীরে। বুধবার (১৫ জুলাই) তিনি এ কথা জানান। আগেরদিন (মঙ্গলবার) তার নমুনা পরীক্ষা করা হয়।
ব্রাসিলিয়ার সরকারি বাসভবনের বাগান থেকে অনলাইন লাইভে ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, “আমি ভালো আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আমার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সন্ধ্যায় জানা গেছে আমি এখনও করোনাভাইরাসে আক্রান্ত।”
বোলসেনারো জানান, ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের ফলে তার শরীরে কোনো লক্ষণ দেখা যায়নি।
তিনি বলেন, “আমি কোনো কিছুর পরামর্শ দেব না। আমি শুধু বলব চিকিৎসকের পরামর্শ নিন। আমার ক্ষেত্রে একজন সামরিক চিকিৎসক হাইড্রোক্সিক্লোরোকুইন খেতে পরামর্শ দিয়েছিলেন এবং সেটা কাজ করেছে।”
আরও পড়ুন- করোনাভাইরাসকে পাত্তা না দেওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট এবার নিজেই আক্রান্ত
এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্সিয়াল প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ৬৫ বছর বয়সী বোলসেনারো “উচ্চ ঝুঁকিপূর্ণ” গ্রুপে রয়েছেন। তাই তিনি সরকারি বাসভবনেই কোয়ারেন্টিনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারিকে ‘‘লিটল ফ্লু’’ বলে আখ্যায়িত করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসেনারো। গত ৭ জুলাই তিনি প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার দিক দিয়ে ব্রাজিল বিশ্বে দ্বিতীয়। ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্রটিতে এখন পর্যন্ত ১৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৭৪ হাজার।
মজার বিষয় হলো, জনসমক্ষে মাস্ক পরতে একাধিকবার অস্বীকৃতি জানান বোলসেনারো। এমনকি গত জুনে এ বিষয়ে আদালতের নির্দেশও উপেক্ষা করেন তিনি। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধিও উপেক্ষা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
মতামত দিন