হাসপাতাল থেকে বেরিয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে হাত নেড়ে এখন পুরোপুরি সুস্থ আছেন বলে জানান ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ সফল অধিনায়ক
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে তার ইচ্ছা অনুযায়ী হাসপাতাল থেকে বেরিয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে হাত নাড়েন সৌরভ। এসময় নিজের স্বাস্থ্যের অবস্থা নিয়েও কথা বলেন। হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেছেন, আমি এখন পুরোপুরি সুস্থ।
তিনি বলেন, “জীবনরক্ষার তাগিদে হাসপাতালে আসতে হয় আমাদের। এটি প্রমাণিত।” এসময় কলকাতার শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
গত শনিবার জিমে শরীর চর্চা করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লকের অস্তিত্ব পান। সেখানে চিকিৎসকরা সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করান।
এরপর মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু থেকে কলকাতার ওই হাসপাতালে আসেন দেশটির শীর্ষ কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। সৌরভের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক দলের সাথে সাক্ষাৎ ও হাসপাতালে তাকে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানান, সৌরভ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। ২০ বছর বয়সে হৃদযন্ত্রের অবস্থা যেমন থাকে তিনি ততটাই ভালো আছেন।
“এ ঘটনা তার স্বাভাবিক জীবনযাত্রা বা জীবনকালে প্রভাব ফেলবে না। তিনি অন্যদের মতোই সাধারণ জীবনযাপন করতে পারবেন। সৌরভ ম্যারাথনে অংশ নিতে পারবেন, বিমানও চালাতে পারবেন, এমনকি ক্রিকেট খেলায়ও ফিরে যেতে পারবেন। তার হৃদযন্ত্রে কোনো ক্ষতি ধরা পড়েনি,” বলেন দেবী শেঠি।
সৌরভের সাথে আলাপ নিয়ে ডা. শেঠি বলেন, “তিনি খেলোয়াড়দের প্রতি দুবছরে কমপক্ষে একবার বাধ্যতামূলক কার্ডিয়াক এবং বডি চেক-আপ নিশ্চিত করার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতিকে অনুরোধ জানিয়েছেন।”
তিনি গণমাধ্যমকে বলেন, “গাঙ্গুলির ঘটনায় বিশ্ব কেঁপে উঠেছে। তার মতো ৪৮ বছর বয়সী একজন অ্যাথলেট যার কি না মদ্যপান, ধূমপান বা অন্য কোনো খারাপ অভ্যাস নেই, তেমন একজন ফিট ব্যক্তির কীভাবে হার্ট অ্যাটাক হতে পারে সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর প্রতিকার হিসেবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে। ”
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে, পরে কোটি-কোটি ডলারের ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও কয়েক বছর খেলা চালিয়ে যান। গত বছর বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রান করা, ভারত ক্রিকেট দলের সাবেক এ সফল অধিনায়ক।
মতামত দিন