ইউটিউব জানিয়েছে, অন্তত সাতদিন ট্রাম্প তার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, সেগুলোতে মন্তব্য করার সুযোগও অনির্দিষ্টকাল বন্ধ থাকবে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারের পর এবার গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কর্তৃপক্ষও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর খড়্গহস্ত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) টুইটারে এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে, “নতুন করে সহিংসতার শঙ্কা থাকায়” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চ্যানেল তারা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখছে।
ইউটিউব এর ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা সাম্প্রতিক একটি ভিডিও তাদের একটি নীতিমালা ভঙ্গ করেছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের ভুয়া অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের কয়েকটি ভিডিওতে। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৮ লাখ।
ইউটিউব জানিয়েছে, অন্তত সাতদিন ট্রাম্প তার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। পাশাপাশি তার তোলা ভিডিওতে মন্তব্য করার সুযোগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
গত বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য গত ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন চলার মধ্যেই ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তার সমর্থকরা ক্যাপিটল ভবনে ঢুকে নজিরবিহীন সহিংসতা ঘটায়। ট্রাম্প সমর্থকরা জানালা ভাঙচুর করে, পুলিশের সঙ্গে দাঙ্গায় জড়ায়। সংঘাতে নিহত হন পাঁচজন।
ক্যাপিটল ভবনে হামলা চালানো রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প টুইট করার পর তার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ পরে জানায়, প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর শেষ হওয়া পর্যন্ত অন্তত দুই সপ্তাহ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতই থাকবে। ইনস্টাগ্রামও ট্রাম্পের অ্যাকাউন্টের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেয়।
টুইটার কর্তৃপক্ষ মাঝে একবার ট্রাম্পকে তার অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ দিলেও পরে জানায়, “সহিংসতায় উস্কানির আশঙ্কা” থাকায় প্রেসিডেন্টের অ্যাকাউন্ট তারা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে।
মতামত দিন