Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়ি পরিষ্কার করতে গিয়ে মিলল খাঁটি তামার বস্তা বস্তা কয়েন

বস্তাগুলোতে ১০ হাজার ডলার সমমূল্যের মুদ্রা পান ওই দম্পতি

আপডেট : ১০ জুন ২০২৩, ১১:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে বাড়ি পরিষ্কার করতে গিয়ে কয়েক বস্তা খাঁটি তামার কয়েন খুঁজে পেয়েছেন এক দম্পতি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সম্প্রতি দেশটির ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলেসের বাড়িতে এসব কয়েন খুঁজে পাওয়া যায়।

জন রেয়েস দম্পতি জানান, প্রায় ৯ মাস আগে তারা বাড়ি পরিষ্কার করতে নেমেছিলেন। তখন তারা বেজমেন্টে রাখা অনেকগুলো বস্তা খুঁজে পান। বস্তা খুলে দেখেন সেগুলো তামার মুদ্রায় ভরা। পরে গুনে দেখেন সেখানে ১০ হাজার ডলার সমমূল্যের মুদ্রা রয়েছে।

জন বলেন, “শুরুতে কাগজে মোড়ানো অবস্থায় কিছু মুদ্রা পাই। পরে বস্তাগুলো চোখে পড়ে। মুদ্রাভরা বস্তা বেজমেন্টে রেখে দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “মুদ্রাভরা বস্তাগুলো খুঁজে পাওয়ার পর আমার হাত ও হাঁটু কাঁপছিল।”

পরে এসব মুদ্রার বস্তা ট্রাকে করে নিয়ে স্থানীয় ব্যাংকে জমা দিতে যান জন ও তার স্ত্রী। এ জন্য এ দম্পতির পুরোটা দিন লেগে যায়। তবে ব্যাংকে যাওয়ার পর বাধে বিপত্তি।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয়, এসব মুদ্রা জমা নেওয়া তাদের পক্ষে সম্ভব না।

এমনকি একজন ব্যাংক কর্মকর্তা জনকে বলেন, “আপনি দয়া করে এসব মুদ্রা এখানে (ব্যাংকে) আনবেন না। এগুলো রাখার মতো ভল্ট কিংবা জায়গা আমাদের নেই।”

জন জানান, তার শ্বশুরের বাড়ি ১৯০০ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। ওই বাড়ির বেজমেন্টে পাওয়া মুদ্রাগুলো খাঁটি তামায় তৈরি। ১৯৪৩ সালের আগে যেকোনো সময় এসব মুদ্রা বানানো হয়েছে। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। মার্কিন প্রশাসন সংকট সামাল দিতে এক সেন্টের মুদ্রা বিভিন্ন ধাতু দিয়ে বানানো শুরু করে। যদিও পরে এসব মুদ্রা বানানো হয় শুধু দস্তা দিয়ে।

পরে এক ব্যাংকারের পরামর্শে জন ও তার স্ত্রী অনলাইনে এসব মুদ্রা বিক্রি করার চেষ্টা করছেন। দাম হেঁকেছেন ২৫ হাজার ডলার। তাদের প্রত্যাশা, খুঁজে পাওয়া মুদ্রাগুলো বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তারা পুরোনো বাড়ি মেরামত করতে পারবেন।

   

About

Popular Links

x