Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রীসভায় ইসরায়েলপন্থিরা থাকায় হতাশ ট্রাম্পের মুসলিম সমর্থকরা

ট্রাম্প রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির মুসলিম নেতারা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন। তাকে সমর্থন করার অন্যতম কারণ ছিল বাইডেন প্রশাসনের ইসরায়েলের প্রতি সমর্থন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার মন্ত্রীসভায় বেশকিছু ইসরায়েল পন্থিকে ব্যক্তিকে স্থান করে দিয়েছেন। এতে তাকে সমর্থন দেওয়ায় মুসলিম নেতারা হতাশা প্রকাশ করেছেন।

মুসলিম ফর ট্রাম্পের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী রাবিউল চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,“ট্রাম্প আমাদের কারণে জিতেছিল এবং আমরা তার পররাষ্ট্র মন্ত্রীসহ অন্যান্যদের নির্বাচনের বিষয়ে খুশি নই।”

ট্রাম্প রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, যিনি ইসরায়েলের কট্টর সমর্থক। এ বছরের শুরুতে রুবিও বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে ইসরায়েলকে হামাসের “প্রতিটি উপাদান” ধ্বংস করতে হবে। হামাসকে বর্বর পশুর সঙ্গে তুলনা করেছিলেন তিনি।

ট্রাম্প মাইক হাকাবি নামের আরেক ব্যক্তিকে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। যিনি ইসরায়েলি আগ্রাসনের কট্টর সমর্থক। তিনি পশ্চিম তীরের ইসরায়েলি দখলকে সমর্থন করেন এবং ফিলিস্তিনে দুই রাষ্ট্র সমাধানকে “অকার্যকর” বলে মনে করেন। 

আমেরিকান মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক রেক্সিনালদো নাজারকো বলেন, “মুসলিম ভোটাররা আশা করেছিলেন যে ট্রাম্প মন্ত্রিসভার সদস্য নির্বাচন করবেন যারা শান্তির জন্য কাজ করবেন, কিন্তু এর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আমরা খুব হতাশ।” 

তিনি বলেন,“এটা মনে হচ্ছে যে, এই প্রশাসন অত্যন্ত প্রো-ইসরায়েল, প্রো-যুদ্ধ লোকদের দ্বারা ভর্তি। শান্তির পক্ষে এবং যুদ্ধবিরোধী আন্দোলনের জন্য ব্যর্থতা।” 

মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হাসান আবদেল সালাম বলেন,“তিনি জায়োনিস্টদের অতিরিক্ত সমর্থন করছেন। আমরা সবসময় খুব সন্দিহান ছিলাম। ট্রাম্পের আচরণ দেখে মনে হচ্ছে আমাদের সম্প্রদায় প্রতারণার শিকার হয়েছে।” 

নির্বাচনের পূর্বে ট্রাম্প মুসলিম ও আরব-আমেরিকান জনগণের উপস্থিতি রয়েছে এমন শহরগুলোতে বেশ কয়েকবার সফর করেছিলেন। এর মধ্যে ডিয়ারবর্ন, যেখানে তিনি বলেন, “আমি মুসলিমদের ভালোবাসি। মুসলিম ফর ট্রাম্প একটি সুন্দর আন্দোলন। মুসলিমরা শান্তি চায়, তারা স্থিতিশীলতা চায়।” 

মিশিগান রিপাবলিকান পার্টির মুসলিম আউটরিচের ভাইস চেয়ারম্যান লেবাননি-আমেরিকান রোলা মাকি বলেন,“আমি মনে করি না সবাই ট্রাম্পের প্রত্যেকটি মনোনয়নে খুশি হবে। আমি জানি ট্রাম্প শান্তি চান, এবং মানুষদের বুঝতে হবে যে এখন ৫০,০০০ মৃত ফিলিস্তিনি এবং ৩,০০০ মৃত লেবাননি রয়েছে। এই হত্যাকাণ্ড বর্তমান প্রশাসনের অধীনে ঘটেছে।”

   

About

Popular Links

x