ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গ্রেপ্তারি পরোয়ানাকে “অসংগত” ও “নজিরবিহীন” বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান বলে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।
জো বাইডেন বলেছেন, “আইসিসি যা-ই বলুক, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনও তুলনা হয় না। আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব এবং দেশটির নিরাপত্তার প্রতি হুমকির বিষয়ে দৃঢ় অবস্থান নেব।”
আইসিসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউজ আরও একটি বিবৃতিতে জানায়, তারা এসব অভিযোগকে “মূলগতভাবে প্রত্যাখ্যান” করছে।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, “আমরা গ্রেপ্তারি পরোয়ানার জন্য প্রসিকিউটরের তাড়াহুড়ো ও প্রক্রিয়াগত ত্রুটিতে গভীর উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, এই বিষয়ে আইসিসির কোনো এখতিয়ার নেই।”
এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “আইসিসির পক্ষপাতিত্ব ও জাতিসংঘের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানুয়ারিতে কঠিন প্রতিক্রিয়া দেওয়া হবে।”
আইসিসি বৃহস্পতিবার জানায়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।



নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানালেন জো বাইডেন