Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সামুদ্রিক কচ্ছপ খেয়ে ফিলিপাইনে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৩২

রান্না করা এই সামুদ্রিক কচ্ছপ খেয়ে কয়েকটি কুকুর, বিড়াল এমনকি মুরগিও মারা গেছে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

ফিলিপাইনের মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশের সমুদ্রতীরবর্তী একটি শহরে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ খেয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ডায়রিয়া, বমি এবং তলপেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২ জন।

গত সপ্তাহে দাতু ব্লাহ সিনসুয়াত নামক সমুদ্রতীরবর্তী শহরে এই ঘটনা ঘটে। সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রান্না করা সামুদ্রিক কচ্ছপ খেয়ে আদিবাসী টেডুরাই সম্প্রদায়ের বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও রান্না করা এই সামুদ্রিক কচ্ছপ খেয়ে কয়েকটি কুকুর, বিড়াল এমনকি মুরগিও মারা গেছে।

মৃত্যুর সঠিক কারণে জানতে তদন্ত চলছে বলে বিবিসিকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা আইরিন ডিলো। তিনি বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। কারণ এই গ্রামে মাছ ও লবস্টারের মতো আরও অনেক সামুদ্রিক খাবারের প্রাচুর্য রয়েছে।”

ফিলিপাইনের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সামুদ্রিক কচ্ছপ শিকার করা ও খাওয়া নিষিদ্ধ। তবে স্থানীয় কয়েকটি সম্প্রদায়ের মানুষ সামুদ্রিক কচ্ছপকে ঐতিহ্যবাহী খাবার হিসেবে খেয়ে থাকেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সামুদ্রিক কচ্ছপ দূষিত শৈবাল খায়। তাই এই কচ্ছপ রান্না করার পরও তা বিষাক্ত থেকে যেতে পারে।

   

About

Popular Links

x