মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাংলাদেশসহ বিভিন্ন দেশের রপ্তানির ওপর বড় প্রভাব ফেলতে চলেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে বাণিজ্যিক শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫% করে শুল্ক ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় বুধবার (২ এপিল) বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি একে যুক্তরাষ্ট্রের “অর্থনৈতিক স্বাধীনতা দিবস” হিসেবে আখ্যায়িত করে বলেন, “এটি দেশটির দীর্ঘদিনের প্রতীক্ষিত পদক্ষেপ।”
বাংলাদেশের রপ্তানি বাজারের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য। প্রতি বছর দেশটিতে বাংলাদেশ প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, যার বেশিরভাগই তৈরি পোশাক। নতুন শুল্কের ফলে এই খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ নয়- ভারত, পাকিস্তান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে। ভারতের পণ্য আমদানিতে ২৬%, পাকিস্তানের ক্ষেত্রে ২৯%, চীনের ক্ষেত্রে ৩৪% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ আরও অনেক দেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানো হয়েছে।
ট্রাম্প তার ঘোষণায় যুক্তরাষ্ট্রের শিল্পকে পুনর্জীবিত করার কথা বলেছেন এবং এই সিদ্ধান্তকে “আমেরিকা ফার্স্ট” নীতির অংশ হিসেবে উল্লেখ করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য তা আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।



