Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্প: বুশ-ওবামা-বাইডেনকে বোকা বানালেও পুতিন আমাকে পারেননি

রাশিয়ার ওপর নতুন শুল্ক ও কঠোর নিষেধাজ্ঞা আসবে বলে সতর্ক করেন ট্রাম্প

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও কড়া ভাষায় আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “পুতিন গত ৩০ বছরে বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা, জো বাইডেন- সবাইকে বোকা বানিয়েছেন। কিন্তু আমাকে পারেননি।”

সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুট্টের সঙ্গে আলাপের সময় তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “পুতিন যে অনেক মানুষকে বোকা বানিয়েছেন, সেটা বহু বছর ধরেই প্রমাণিত।” তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের অসহযোগিতাতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প জানান, দুই মাস আগেই তিনি শান্তি চুক্তির আশা করছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই আগামী ৫০ দিনের মধ্যে সমঝোতা না হলে রাশিয়ার ওপর নতুন শুল্ক ও কঠোর নিষেধাজ্ঞা আসবে বলে সতর্ক করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “অনেক সময় কথায় কাজ হয় না। রাশিয়া সম্ভাবনাময় দেশ, আশা করি পুতিন ভেবে দেখবেন।”

ইউক্রেন যুদ্ধের জন্য আবারও সাবেক প্রেসিডেন্টকে দায়ী করে তিনি বলেন, “এই যুদ্ধটা আমার নয়, বাইডেনের যুদ্ধ। আমি চেষ্টা করছি আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের করে আনতে। এটা কোনো রিপাবলিকান বা ট্রাম্পের যুদ্ধ নয়। এই যুদ্ধ হতোই না, হওয়া উচিতও হয়নি।”

ওই বৈঠকে ট্রাম্প ও রুট্টে একটি চুক্তি ঘোষণা করেন, যাতে ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনে ইউক্রেনকে পাঠাবে। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য এই অস্ত্র ক্রয় ও সহায়তা উদ্যোগে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান।

   

About

Popular Links

x