উন্নত জীবনযাপন, ক্যারিয়ারের দ্রুত অগ্রগতি এবং নিরাপদ ভবিষ্যতের জন্য প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমান। কিন্তু কোন দেশে কাজের সুযোগ সবচেয়ে ভালো? ২০২৬ সালের ‘হেনলি অপরচুনিটি ইনডেক্স’ (Henley Opportunity Index) অনুযায়ী, বিশ্বের সেরা সাতটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সূচক মূলত কোনো দেশ কতটা কার্যকরভাবে মানুষের জন্য দীর্ঘমেয়াদি সুযোগ তৈরি করতে পারে, তা মূল্যায়ন করে। এই দেশগুলো চাকরি, উপার্জন এবং ভবিষ্যৎ গড়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে সেরা। চলুন জেনে নেওয়া যাক এই শীর্ষ সাতটি দেশের বিস্তারিত তথ্য:
১. সুইজারল্যান্ড
তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। উচ্চ আয়, শক্তিশালী অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গ্রোথের সুযোগ দেশটিকে প্রথম স্থানে রেখেছে। বিশেষ করে আর্থিক নিরাপত্তা ও বৈশ্বিক কর্মসংযোগকে এখানে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে যারা সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে চান, তাদের প্রথম পছন্দ সুইজারল্যান্ড।
২. সিঙ্গাপুর
এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তির দিক থেকে এটি বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে যারা ফাইন্যান্স, তথ্যপ্রযুক্তি এবং লজিস্টিকস খাতে দক্ষ, তাদের জন্য সিঙ্গাপুরে রয়েছে অবারিত সুযোগ।
৩. অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধান আকর্ষণ হলো এর জীবনযাত্রা এবং কাজের চমৎকার পরিবেশ। দক্ষ পেশাজীবীদের জন্য এই দেশে রয়েছে ভালো বেতন এবং সামাজিক নিরাপত্তা। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন উপভোগ করার জন্য অস্ট্রেলিয়া বিশ্বজুড়ে অনন্য।
৪. ব্রিটেন
যুক্তরাজ্য বা ব্রিটেনে বর্তমানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর বেশ ঘাটতি রয়েছে। বিশেষ করে প্রযুক্তি, ব্যাংকিং-ফাইন্যান্স এবং স্বাস্থ্য খাতে প্রচুর কর্মীর প্রয়োজন। ফলে বিদেশি মেধারী ও দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়ার এটি একটি বড় সুযোগ। এছাড়া, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও বহুজাতিক কোম্পানির উপস্থিতি এখানে ক্যারিয়ার উন্নয়নের বড় সুযোগ তৈরি করছে।
৫. যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র আয় সম্ভাবনার দিক থেকে অন্যতম শীর্ষে। প্রযুক্তি, ফাইন্যান্স ও উদ্ভাবনী শিল্পে বিশাল চাকরির বাজার থাকলেও জীবনযাত্রার খরচ ও ভারসাম্যের কারণে র্যাঙ্কিং কিছুটা কমেছে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর সদর দপ্তর এখানে। তাই বড় বড় চ্যালেঞ্জ নেওয়া এবং অনেক বেশি আয় করার জন্য যুক্তরাষ্ট্র সবসময়ই পেশাজীবীদের পছন্দের তালিকায় থাকে।
৬. কানাডা
কানাডা স্থিতিশীল কর্মসংস্থান ও উচ্চ জীবনমানের জন্য পরিচিত। বিদেশি কর্মীদের জন্য সহজ ইমিগ্রেশন নীতি ও সামাজিক নিরাপত্তা দেশটিকে জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। উন্নত স্বাস্থ্যসেবা ও জীবনমানের জন্য এই দেশটিকে সেরা মনে করা হয়।
৭. অস্ট্রিয়া
ইউরোপের এই শান্ত ও সুন্দর দেশটি কাজের সুযোগের দিক থেকে সেরা সাতের তালিকায় জায়গা করে নিয়েছে। স্থিতিশীল অর্থনীতি, ভালো জীবনমান ও ধারাবাহিক কর্মসংস্থানের সুযোগ দেশটির শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৬ সালের এই তালিকা ইঙ্গিত দিচ্ছে যে শুধু উচ্চ বেতন নয়; বরং স্থিতিশীলতা, জীবনমান ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার সম্ভাবনাও এখন বৈশ্বিক চাকরির বাজারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একইসঙ্গে বিশ্বের এই সেরা দেশগুলোতে কাজের সুযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে তীব্র প্রতিযোগিতা। তাই এই দেশগুলোতে ক্যারিয়ার গড়তে চাইলে নিজের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা অর্জন এবং সঠিক সময়ে সঠিক ভিসার জন্য আবেদন করা জরুরি।



