Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪৮তম বিসিএসে আরও ১৮৪ জনকে চূড়ান্ত নিয়োগ, প্রজ্ঞাপন জারি

স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে পিএসসির সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে 

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

৪৮তম বিসিএস (বিশেষ) থেকে আরও ১৮৪ জন চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন। জাতীয় বেতনকাঠামো ২০১৫ অনুযায়ী তাদের বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ২২,০০০-৫৩,০৬০ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

চাকরিতে যোগদানের পর চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। একইসঙ্গে তাদের বনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ শেষ করতে হবে।

শিক্ষানবিশকাল শেষে তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণের সমুদয় খরচ ফেরত দিতে হবে। এর জন্য যোগদানের সময়ই ৩০০ টাকার স্ট্যাম্পে বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া যোগদানের সময় সম্পত্তির হিসাব বিবরণী এবং যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা দাখিল করতে হবে। 

প্রসঙ্গত, সারাদেশে সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে ২০২৫ সালে ৩,০০০ চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার শেষে পিএসসি প্রয়োজনীয়সংখ্যক প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে।

সেই সুপারিশের ভিত্তিতে ২০২৬ সালের ২২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম গেজেট প্রকাশ করেছিল। প্রথম গেজেটে ৩,২৬৩ চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগদান করেন।

এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এবার আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করতে হবে।  

   

About

Popular Links

x