সকালের ঘুমঘুম ভাব কাটাতে এক কাপ কফির জুড়ি নেই। অনেকের দিনই যেন কফি ছাড়া শুরু হতে চায় না। তবে কেবল শরীর ও মেজাজ চাঙা করতেই নয়, রূপচর্চার রুটিনেও জায়গা করে নিতে পারে কফি।
অ্যান্টি-অক্সিড্যান্টসমৃদ্ধ কফি ত্বকের পাশাপাশি চুলের যত্নেও ব্যবহার করা যায়। বিশেষজ্ঞদের মতে, কফিতে থাকা কিছু উপাদান ত্বকের স্তরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে সাহায্য করে। এতে থাকা ক্যাফিক অ্যাসিড ত্বকের বন্ধ হয়ে যাওয়া রোমকূপের মুখ খুলতেও সহায়তা করে। ফলে ত্বক হয়ে উঠতে পারে মসৃণ।
তাহলে রূপচর্চায় কফি কীভাবে ব্যবহার করবেন? বাড়িতেই সহজে তৈরি করা যায় এমন কয়েকটি উপায় জেনে নিন।
ত্বকে উজ্জ্বলতা আনতে
বডি পলিশের জন্য কফি পাউডারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন অলিভ অয়েল বা আমন্ড অয়েল। গোসলের সময় ভেজা শরীরে মিশ্রণটি লাগিয়ে ২ থেকে ৩ মিনিট আলতো করে ঘষতে হবে। এরপর ঈষৎ উষ্ণ পানিতে গোসল করে নিন। সপ্তাহে অন্তত দুই দিন কফির এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের কালচে ছোপ হালকা হয়ে উজ্জ্বলতা আসতে পারে।
চটজলদি ফেস স্ক্র্যাব ও মাস্ক
সারাদিনের দৌড়ঝাঁপ শেষে মুখের ত্বকে জমে থাকা ময়লা দূর করতে কফি ও সামান্য লবণের স্ক্র্যাব বেশ কার্যকর। কুসুম গরম পানিতে কফির দানা ভিজিয়ে তাতে সামান্য লবণ দিয়ে মুখে পাঁচ মিনিট মাসাজ করলে ত্বক নিমিষেই সতেজ হয়ে ওঠে। এছাড়া কফির সঙ্গে কোকো পাউডার, দুধ, লেবুর রস ও মধু মিশিয়ে তৈরি করতে পারেন অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর বিশেষ ফেস মাস্ক। এই মাস্কটি মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে বয়সের ছাপ ও ত্বকের দাগছোপ অনেকটাই হালকা হয়ে যায়।
রুক্ষ পায়ের যত্নে
পায়ের পাতা শক্ত ও রুক্ষ হয়ে গেলে ব্যবহার করতে পারেন কফির তৈরি ফুট স্ক্র্যাব। এক কাপ নারিকেল তেল, আধা কাপ কফিগুঁড়া ও দুই চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভালোভাবে মিশিয়ে নিন। শ্যাম্পুযুক্ত গরম পানিতে পা পরিষ্কার করার পর মিশ্রণটি দিয়ে পায়ে মাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
চুলেও ব্যবহার করা যায় কফি
চুলের ঔজ্জ্বল্য বাড়াতেও ব্যবহার করা যায় কফি। কফিগুঁড়া ও পরিমাণমতো পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। শ্যাম্পু করার পর চুলে পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এতে চুলের ঔজ্জ্বল্য বাড়ার পাশাপাশি চুলের রঙে গভীরতা আসতে পারে। চাইলে কন্ডিশনারের সঙ্গেও এক থেকে দুই চামচ কফিগুঁড়া মিশিয়ে ব্যবহার করা যায়।
চোখের নিচের কালো দাগে
সকালের কফি খাওয়ার পর অবশিষ্ট কফির দানাগুলো ফেলে না দিয়ে ঠান্ডা করে চোখের চারপাশে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ফেসপ্যাকেও কফি
কফি ও দুধের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়েও তৈরি করা যায় ফেস প্যাক। মিশ্রণটি মুখে লাগিয়ে আলতো করে মাসাজ করে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে দাগছোপ হালকা হওয়ার পাশাপাশি ত্বকে উজ্জ্বলতা আসতে পারে।
এক কাপ কফি যেমন মন চাঙ্গা করে, ঠিক তেমনি প্রসাধন হিসেবে এর সঠিক ব্যবহার আপনাকে দিতে পারে এক নতুন ও প্রাণবন্ত লুক। ত্বক, চুল কিংবা পায়ের রুক্ষতা - বিভিন্ন ধরনের পরিচর্যায় কফি ব্যবহার করা যায়। তবে যেকোনো উপকরণ ব্যবহারের আগে নিজের ত্বকের ধরন বুঝে নেওয়াই ভালো। নিয়ম মেনে কফির তৈরি স্ক্র্যাব বা মাস্ক ব্যবহার করলে রূপচর্চার দৈনন্দিন রুটিনে এটি হয়ে উঠতে পারে সহজ একটি উপকরণ।



