রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধসহ সব বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন। এসময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধসহ সব শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় তিনি বলেন, ‘‘গত বছরের জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি। এই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনো বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন রয়েছে। তার জন্য এখনও অনেক কাজ বাকি আছে। আমরা আশা করি বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।”
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনী শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে শিল্পীরা গান ও কবিতায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সব শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



