অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও বিসিআইসির (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) চেয়ারম্যান মো. ফজলুর রহমান চট্টগ্রাম জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড পরিদর্শন করেছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে তারা কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মতবিনিময়ের সময় উপদেষ্টা দেশের সার্বিক অর্থনীতির কথা চিন্তা করে কীভাবে এ কারখানাকে কাজে লাগানো যায়, সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানান। দেশের শিল্পগুলোকে কাজে লাগিয়ে স্বল্পতম সময়ে কারখানার সক্ষমতা বাড়ানো এখন প্রধান কাজ বলে মনে করেন তিনি।
এ সময় শিল্প সচিব বলেন, “কাগজের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় কাগজ শিল্পকে প্রসারের জন্য কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে।”
বিসিআইসির চেয়ারম্যান এক সময়ের ঐতিহ্যবাহী ও স্বনামধণ্য এই কারখানাকে দেশীয় কাঁচামাল ও পাল্পউড ব্যবহার করে পুরো শক্তিতে চালুকরণের বিষয়ে জানান। তিনি বলেন, “সংস্থার বন্ধ মিলসমূহ পুনরায় চালুকরণের বিষয়ে বর্তমানে সরকারের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনামাফিক কর্ণফুলী পেপার মিলস্ লি. এর বিষয়ে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা নিয়ে অধ্যয়ন) করা হয়েছে এবং এর যৌক্তিকতা নিয়ে আলোচনা হচ্ছে।”
এসময় অন্যান্যদের সঙ্গে কারখানার ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপর ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।



