Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথম বাংলাদেশি হিসেবে ‘মাকালু’ জয় করলেন বাবর আলী

বিশ্বের এই পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত 

আপডেট : ০২ মে ২০২৬, ১০:০৯ এএম

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাকালু’ জয় করেছেন পর্বতারোহী বাবর আলী। 

বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে মাউন্ট মাকালুতে (৮,৪৮৫ মিটার) আরোহণ করেন বাবর আলী। বিষয়টি নিশ্চিত করেছে বাবর আলীর এই অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স। 

নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতে এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল আরোহণ।

নেপালের মহালঙ্গুরের মাউন্ট মাকালু 'গ্রেট ব্ল্যাক ওয়ান' নামে পরিচিত। বিশ্বে আট হাজারি ১৪টি পর্বতের মধ্যে মাকালু পঞ্চম সর্বোচ্চ। বাবরেরও আট হাজারি পর্বত অভিযানে এটি পঞ্চম লক্ষ্য। অভিযানের নাম তাই ‘এক্সপেডেশন মাকালু: দ্যা ফিফথ ফ্রন্টিয়ার’।

পিরামিডের মত সূচালো শীর্ষ; আশপাশে বড় কোনো পর্বত নেই। ঠান্ডা বাতাসে তাই বরফ সরে গিয়ে চূড়ার কালো অংশ বেরিয়ে পড়ে। সেই থেকে এই পর্বতের নাম ‘মহাকালো’ বা ‘মাকালু’। এর উচ্চতা ৮,৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট)।

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান জানান, বাবর আজ ২ মে ক্যাম্প-২ এবং আগামীকাল ৩ মে বেসক্যাম্পে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) শৃঙ্গ জয় করেন। পরে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) ও লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেন। 

   

About

Popular Links

x