Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

শত আবেদন করেও চাকরি মিলছে না? বদলে ফেলুন কৌশল

শুধু আবেদন নয়, নির্দিষ্ট পদে নিজের দক্ষতা কীভাবে কাজে লাগানো যায় তা জানা জরুরি 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

চাকরির বাজারে প্রতিদিনই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। যোগ্যতা মিলে গেলেই অনেক চাকরিপ্রার্থী দ্রুত আবেদন করে ফেলেন। সপ্তাহে ১০টি, মাসে ৫০টি কিংবা তারও বেশি প্রতিষ্ঠানে আবেদন করার পরও আসছে না কাঙ্ক্ষিত ইন্টারভিউ কল।

এ অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ এবং আবেদনের সংখ্যা বাড়ানোর পরিবর্তে কৌশলী হওয়া জরুরি। একসঙ্গে অসংখ্য পদে আবেদন না করে নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও আগ্রহের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ কয়েকটি পদ বেছে নেওয়া যেতে পারে। এরপর প্রতিটি প্রতিষ্ঠানের চাহিদা বুঝে আলাদাভাবে আবেদন প্রস্তুত করলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

আন্তর্জাতিক গবেষণাও এই কৌশলের পক্ষে কথা বলছে। যুক্তরাষ্ট্রের চাকরির ওয়েবসাইট ইনডিডের ‘জব অ্যাপ্লিকেশনস কোয়ালিটি’ প্রতিবেদনে বলা হয়েছে, নির্বিচারে বেশি আবেদন করা প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা মানসম্মত আবেদনকারীদের তুলনায় ৩৯% পর্যন্ত কম হতে পারে।

অন্যদিকে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ বলছে, ২০৩০ সালের মধ্যে চাকরির বাজারে প্রায় ৪০% দক্ষতার পরিবর্তন আসতে পারে। প্রতিবেদনে অংশ নেওয়া ৬৩% নিয়োগদাতা জানিয়েছেন, প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী খুঁজে পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ফলে শুধু শিক্ষাগত সনদ নয়, নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতাও চাকরির বাজারে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিজ্ঞপ্তি দেখেই আবেদন নয়

এক মাসে ৫০টি নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়লে সবগুলোতে আবেদন করার প্রয়োজন নেই। প্রথমে দেখতে হবে কোন পদগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে সবচেয়ে বেশি মেলে। সেখান থেকে ১০টি পদ বেছে নিয়ে এগোনো যেতে পারে।

এভাবে আবেদন করলে প্রতিটি প্রতিষ্ঠানের কাজের ধরন, পদের দায়িত্ব এবং নিয়োগদাতার প্রত্যাশা বোঝার জন্য সময় পাওয়া যায়। এরপর সেই তথ্যের ভিত্তিতে জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র সাজানো সম্ভব।

ইনডিডের ‘হাউ টু টেইলার ইউর রিজুমি’ প্রতিবেদনে নির্দিষ্ট পদের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনবৃত্তান্ত তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ একটি সাধারণ সিভি দিয়ে সব ধরনের পদে আবেদন করার পরিবর্তে সংশ্লিষ্ট চাকরির জন্য প্রাসঙ্গিক দক্ষতা ও অভিজ্ঞতাকে সামনে আনাই বেশি কার্যকর।

এক সিভি সব চাকরিতে নয়

একটি জীবনবৃত্তান্ত তৈরি করে সেটিই সব প্রতিষ্ঠানে পাঠানো সহজ। কিন্তু এতে পদের সঙ্গে সবচেয়ে প্রাসঙ্গিক যোগ্যতাগুলো সহজেই আড়ালে চলে যেতে পারে।

উদাহরণ হিসেবে, বিক্রয় প্রতিনিধির চাকরিতে যোগাযোগ ও গ্রাহকসেবা দক্ষতা গুরুত্বপূর্ণ। তথ্য বিশ্লেষকের পদে আবার বিশ্লেষণী সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা বেশি গুরুত্ব পেতে পারে। গবেষণার চাকরিতে লেখার দক্ষতা ও তথ্য যাচাইয়ের অভিজ্ঞতা সামনে রাখা প্রয়োজন।

তাই যে পদে আবেদন করছেন, সে সম্পর্কিত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো সিভির শুরুতেই স্পষ্টভাবে তুলে ধরা উচিত।

শুধু যোগ্যতা নয়, দক্ষতার ব্যবহারও গুরুত্বপূর্ণ

চাকরির বিজ্ঞপ্তিতে ন্যূনতম যোগ্যতা পূরণ করলেই যে পদটি আপনার জন্য উপযুক্ত হবে, এমন নয়। আপনার দক্ষতা ওই চাকরির দায়িত্ব পালনে বাস্তবে কতটা কাজে আসবে, সেটিও বিবেচনা করা দরকার।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, বিশ্লেষণী ও সৃজনশীল চিন্তা, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা, নমনীয়তা এবং নতুন কিছু শেখার আগ্রহ বর্তমানে নিয়োগদাতাদের কাছে গুরুত্বপূর্ণ দক্ষতা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সাতটির মধ্যে অন্তত পাঁচটি বৈশ্বিক প্রতিষ্ঠান এসব গুণকে গুরুত্ব দিচ্ছে।

তাই চাকরিপ্রার্থীকে শুধু নিজের দক্ষতার তালিকা দিলেই হবে না; নির্দিষ্ট পদে সেই দক্ষতা কীভাবে কাজে লাগানো যাবে, সেটিও বোঝাতে হবে।

বেছে নেওয়া ১০টি আবেদনকে যেভাবে শক্তিশালী করবেন

প্রথমে প্রতিষ্ঠান ও পদ বুঝুন: পদের দায়িত্ব, প্রতিষ্ঠানের কাজ এবং নিয়োগদাতার প্রত্যাশা সম্পর্কে ধারণা নিন।

সিভি সংশ্লিষ্ট করুন: বিজ্ঞপ্তিতে যে দক্ষতা ও যোগ্যতার কথা বলা হয়েছে, তার সঙ্গে আপনার অভিজ্ঞতার মিলগুলো স্পষ্টভাবে তুলে ধরুন।

সাফল্যের প্রমাণ দিন: নিজেকে ‘পরিশ্রমী’ বা ‘দক্ষ’ বলার পরিবর্তে আগের কাজের সুনির্দিষ্ট অর্জন বা ফলাফল উল্লেখ করুন।

কভার লেটার আলাদা করে লিখুন: কেন প্রতিষ্ঠানটি আপনার পছন্দ এবং কেন আপনি ওই পদের জন্য উপযুক্ত—সংক্ষেপে তা তুলে ধরুন।

ই-মেইল ঠিকভাবে লিখুন: ই-মেইলে আবেদন করলে সাবজেক্ট লাইনে পদের নাম ও নিজের নাম পরিষ্কারভাবে উল্লেখ করুন।

পেশাদার অনলাইন প্রোফাইল হালনাগাদ রাখুন: লিংকডইনসহ অন্যান্য পেশাদার প্রোফাইলে সিভির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য রাখুন। কারণ অনেক নিয়োগদাতা প্রার্থীর অনলাইন উপস্থিতিও যাচাই করেন।

ফলোআপ করতে পারেন: আবেদন করার এক থেকে দুই সপ্তাহ পর ভদ্রভাবে আবেদনের অগ্রগতি জানতে যোগাযোগ করা যেতে পারে।

চাকরি পাওয়ার কোনো নির্দিষ্ট সূত্র নেই। তবে প্রতিযোগিতাপূর্ণ বাজারে শুধু বেশি সংখ্যক আবেদন করলেই যে ফল মিলবে, তা নয়। নিজের যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন পদ বেছে নিয়ে প্রতিটি আবেদনে সময় দেওয়া এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নিজের দক্ষতা তুলে ধরাই হতে পারে কার্যকর কৌশল।

   

About

Popular Links

x