গবেষকরা আশা করছেন, এইচআইভি ভাইরাসের বিভিন্ন ধরন ও পরিবর্তনের বিরুদ্ধে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এই ভ্যাকসিন
প্রাথমিক পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল পেয়েছে আন্তর্জাতিক এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (আইএভিআই) এবং ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট আবিষ্কৃত নতুন এইচআইভি ভ্যাকসিন।
বুধবার (৭ এপ্রিল) সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি শরীরকে "ব্যাপকভাবে অ্যান্টিবডি" তৈরি করতে সহায়তা করে।
গবেষকরা আশা করছেন, এইচআইভি ভাইরাসের বিভিন্ন ধরন ও পরিবর্তনের বিরুদ্ধে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এই ভ্যাকসিন।
এ বিষয়ে ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধমূলক ওষুধ এবং সংক্রামক রোগের অধ্যাপক ডা. উইলিয়াম শ্যাফনার বলেন, "আপাতত এগুলো খুব প্রাথমিক পর্যায়ের গবেষণা। তবে তা সত্ত্বেও প্রাপ্ত ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এইচআইভি ভাইরাসের ধরন খুব দ্রুত পরিবর্তিত হয়। ভাইরাসটির বিভিন্ন উপ-প্রকারও রয়েছে। তাই এক প্রকারের ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন অন্যটির বিরুদ্ধে কাজ নাও করতে পারে।
শ্যাফনার বলেন, "এসবক্ষেত্রে নিষ্ক্রিয় অ্যান্টিবডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ভাইরাসটি খুবই তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে।"
গবেষণায় ৪৮ জন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরের দু'মাস পরপর এই ভ্যাকসিনের দু'টি ডোজ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এই ব্যক্তিদের ৯৭ শতাংশের দেহ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বিশেষ অ্যান্টিবডিগুলো তৈরি করতে সক্ষম হবে।
আইএভিআইয়ের প্রধান নির্বাহী ডা. মার্ক ফেইনবার্গ জানান, “এই গবেষণাটি এইচআইভি সংক্রামিত ব্যক্তিদের একটি উপ-সেট শনাক্তকরণের উপর ভিত্তি করে করা হয়েছে। সংক্রমণ চলাকালীন যাদের দেহে অ্যান্টিবডিগুলো কার্যকরী হয়ে উঠেছে। মূলত এই অ্যান্টিবডিগুলো বিভিন্ন ধরনের এইচআইভি'র বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম আর এটিই আমাদের মূল লক্ষ্য।"
১৯৮০'র দশকের গোড়ার দিকে এইচআইভি আবিষ্কারের পর গবেষকেরা আশা করেছিলেন হাম, চিকেনপক্স এবং হেপাটাইটিস বি'র মতো খুব দ্রুত এইডসের ভ্যাকসিনও তৈরি করা যাবে। যদিও অল্প সময়েই তারা বুঝতে পারেন কাজটি করা কতটা কঠিন।
মতামত দিন