রাজধানীর ধানমন্ডি ৯-এর জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের সামনের সড়কে একটি বড় গর্ত তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই গর্তের কারণে পথচারী ও যানবাহন চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত গর্তটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশঙ্কা করছেন, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে গর্তটি আরও বড় হয়ে দুর্ঘটনার কারণ হতে পারে।
জানা গেছে, দুদিন আগে বৃষ্টির সময় সড়কটিতে প্রথমে একটি ছোট গর্ত দেখা দেয়। তবে সময়মতো মেরামতের ব্যবস্থা না নেওয়ায় মাত্র দুই দিনেই তা বড় হয়ে গেছে। বর্তমানে গর্তটি এতটাই চওড়া হয়ে গেছে যে, এই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে সাবধানে এবং পথচারীদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ছবিগুলো তুলেছেন ঢাকা ট্রিবিউনের ফটোগ্রাফার আহাদুল করিম খান।






