গাজীপুরের শ্রীপুর পৌরসভার টানা ৪ বারের সাবেক মেয়র, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আনিছুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় অর্ধলাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোমবার (৮ জুন) বেলা সোয়া ১১টায় মাধখলা গ্রামের নিজ বাড়িতে মাধখলা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে তার রাজনৈতিক সহকর্মী, ভক্ত অনুরাগী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় নেতার জানাজার নামাজে মানুষের ঢল নামে।
প্রিয় নেতার মৃত্যুর খবরে শ্রীপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক-দিনমুজুর, শিক্ষকসহ সকল শ্রেণি পেশার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
রবিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার বাসায় ভিড় করেন। প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
সকাল থেকেই প্রিয় এ ব্যাক্তির জানাযায় অংশ নিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে থাকে। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নেমে জানাজায়।
তার দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর জানাজা পূর্ব আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক ও স্থানীয় এমপি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শিক্ষক, আলেম সমাজ ও সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি।
এদিকে, রবিবার মেয়র আনিছুর রহমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তার ছোট বোন রাশিদা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনেরা মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা শেষে একই মাঠে তার বোনের জানাজা অনুষ্ঠিত হয়।



